প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় দুই বছর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা। তবে আলাদা হওয়ার পরও বলিউড অভিনেত্রী এশা দেওল এবং তার প্রাক্তন স্বামী ভারত তখতানি একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন তারা।
৭ নভেম্বর অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রবেশের আগে ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে পোজ দেন এশা ও ভারত। তাদের হাতে হাত রেখে হাঁটতেও দেখা যায়। দুজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বিচ্ছেদের পরও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠানে এশা প্যাস্টেল গোলাপি শাড়িতে ছিলেন, অন্যদিকে ভারত বেইজ রঙের বন্ধগলা পোশাক পরেছিলেন। ক্যামেরার সামনে দুজনকেই বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল।
তবে এটি তাদের একসঙ্গে দেখা হওয়ার প্রথম ঘটনা নয়। এর আগে একাধিকবার তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। চলতি বছরের শুরুতে এশা ও তার বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন ভারত। সেই আড্ডার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন এশার ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি খান্না। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, “মজার একটা বিকেল আর জমিয়ে আড্ডা। ধন্যবাদ, এশা।”
এদিকে প্রাক্তন দম্পতিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ তাদের আবার কাছাকাছি আসার পরামর্শ দিয়েছেন, কেউবা দুই মেয়ের কথা ভেবে নতুন করে সংসার শুরুর প্রত্যাশা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “ওদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে। আশা করি, মেয়েদের কথা ভেবে ওরা আবার কাছাকাছি আসবেন এবং নতুন করে জীবন শুরু করবেন।” আরেকজন লিখেছেন, “আবার একসঙ্গে! মেয়েদের জন্য খুব ভালো হলো। আমার মনে হয়, ধর্মেন্দ্রের মৃত্যুর সময় ভারত ওর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন।”
কিছু নেটিজেন অবশ্য তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, “ঈশ্বর তোমাদের দু’জনকে আশীর্বাদ করুন। আবার বিয়ে করে নাও। তোমাদের দু’জনকে একসঙ্গে দেখে ভালো লাগছে।” ফলে তাদের সম্পর্ক কি নতুন করে জোড়া লাগছে, নাকি সন্তানদের কথা ভেবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন—এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি ১২ বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন এশা ও ভারত। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছিলেন, “আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এবং বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনের মধ্যেও আমাদের দুই সন্তানের ভালো থাকা এবং তাদের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানালে আমরা কৃতজ্ঞ থাকব।”
বিচ্ছেদের পরও দুই মেয়ে রাধ্যা ও মিরায়ার দায়িত্ব একসঙ্গেই পালন করছেন তারা। এক সাক্ষাৎকারে এশা জানিয়েছিলেন, তাদের সম্পর্কের সমীকরণে পরিবর্তন এলেও সন্তানদের ভালো থাকার ওপর যেন তার কোনো প্রভাব না পড়ে, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাধ্যা। ২০১৯ সালে পরিবারে আসে ছোট মেয়ে মিরায়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন