প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্যসম্পদ রক্ষায় সকলকে দায়িত্বশীলভাবে ভূমিকা পালনের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, ‘নদী-খাল, জলাশয় এবং পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা ছাড়াও দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনীতি এবং গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।’ রবিবার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সেরা তিন মৎস্য চাষিকে তাদের সফলতার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। এমপি মান্নান বলেন, ‘সোনারগাঁয়ের মৎস্য চাষিরা আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে সক্ষম। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ অনেক মানুষের জীবিকার প্রধান উৎস।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।আলোচনা সভায় সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম এবং দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা চত্বরের পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন