প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের আয়োজনে বাড়ির চারপাশে চলছে আনন্দ ও উল্লাস, অতিথিদের আনাগোনা। তবে বর ও কনের মধ্যে মুখের কোনো কথা নেই, শব্দের আদান-প্রদানও নেই। তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ইশারা ও চোখের ভাষায়। কারণ, বর ও কনে দুজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
মুখে কথা না থাকলেও, কানে শোনার সক্ষমতা না থাকলেও, তাদের মনের মিলনে দুই প্রাণ এক হয়ে গেছে। শারীরিক সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে থামাতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের জীবনসঙ্গী হতে পেরে আনন্দিত।
এই বিয়ে কেবল দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং এটি ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও মনের ভাষায় গড়ে ওঠা এক অনন্য সম্পর্কের গল্প। যেখানে শব্দের প্রয়োজন হয়নি, মুখের কথারও প্রয়োজন হয়নি। ইশারা ও অনুভূতির মধ্য দিয়েই শুরু হয়েছে তাদের নতুন জীবনের পথচলা।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারে রেডিও কলোনি এলাকার নূর হোসেনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে।
জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে পারিবারিক সম্মতির ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বর ও কনে দুজনেই জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তবে তাদের শারীরিক সীমাবদ্ধতা স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসায় তারা বেড়ে উঠেছেন।
বরের বাবা গোলাম আজম জানান, ফেসবুকের মাধ্যমে তার ছেলের পরিচয় হয় মেয়ের সঙ্গে। পরে ঢাকায় থাকা তার এক বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।
তিনি বলেন, "আমার ছেলের বয়স যখন ছয় মাস, তখন থেকেই তার কানে সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। সে বাক প্রতিবন্ধী। তবে আমার ছেলে অত্যন্ত ভালো। সে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।"
এদিকে, দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নতুন জীবনে তাদের সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন