প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাবুলের ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিনের মতো মানুষের চলাচল অব্যাহত রয়েছে। তবে শহরের অলিগলিতে গড়ে উঠেছে এক নীরব প্রতিরোধের জগৎ, যা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিন্ন। বিভিন্ন বাসায় দরজা বন্ধ করে মেয়েরা পড়াশোনা করছে, কোথাও গোপনে নারীদের বিউটি সেলুন খুলেছে, আবার কোনো বাড়ির ছোট উঠানে ফুটবল শেখাচ্ছেন এক নারী। তালেবানের কঠোর নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে আফগান নারীরা নিজেদের অস্তিত্ব ও স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে নারীদের শিক্ষা, চাকরি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মেয়েদের সাধারণ শিক্ষা প্রাথমিক স্তরের পর কার্যত বন্ধ হয়ে গেছে। ইসলামি ধর্মীয় শিক্ষা ও ভাষা শেখার কিছু সুযোগ ছাড়া উচ্চতর শিক্ষার দরজা তাদের জন্য বন্ধ। পার্ক ও ব্যায়ামাগারে যাওয়া নিষিদ্ধ, বিউটি সেলুনও বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ পেশায় কাজ করার সুযোগ থেকেও নারীরা বঞ্চিত।
তালেবানের এসব বিধিনিষেধ বাস্তবায়ন করছে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ। সাদা পোশাক পরিহিত এসব কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগে নারীদের আটক ও মারধরের ঘটনা ঘটেছে।
তবে এত বাধার মধ্যে দমে যাননি সবাই। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে কাবুলের তিন নারীর জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে। গ্রেপ্তারের আশঙ্কায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
একজন ৪০ বছর বয়সী নারী কাবুলের একটি বিউটি সেলুনে কাজ করতেন। সেলুন বন্ধের নির্দেশ আসার পর হতাশ হয়ে পড়েন তিনি। তার ভাষায়, "আফগানিস্তানে নারীদের জন্য আনন্দ বা স্বস্তির আর কোনো জায়গা অবশিষ্ট নেই।" সংসারের খরচ মেটাতে গোপনে নিজের সেলুন খোলেন। বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার চাহিদা থাকায় দ্রুত প্রায় ৩০ জন গ্রাহক জোগাড় হয়। কিন্তু কর্তৃপক্ষ একদিন সেখানে অভিযান চালিয়ে সব সরঞ্জাম নিয়ে যায়। ভেঙে পড়লেও থেমে থাকেননি তিনি। নতুন একটি বাসা ভাড়া নিয়ে আবারও সেলুন চালু করেন।
বর্তমানে সেখানে সাতজন তরুণী কাজ করছেন, যাদের আয়ের ওপর নির্ভর করছে তাদের পরিবারের জীবনযাপন। তবে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাকে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই মনে হয়, বাইরে তালেবান সদস্যরা দাঁড়িয়ে আছেন।
আরেক নারী আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা তার স্বপ্ন ভেঙে দেয়। বিষণ্নতায় ছয় মাস ঘর থেকে বের হননি। পরে বাড়িতে ফুটবল অনুশীলন শুরু করেন। পুরোনো গাড়ির টায়ার দিয়ে বক্সিংয়ের পাঞ্চিং ব্যাগ তৈরি করেন।
এখন নিজের বাড়ির ছোট উঠানে একদল কিশোরকে ফুটবল শেখান। তাদের মধ্যে নিজের শৈশবের স্বপ্ন দেখতে পান। তবে আফগানিস্তানে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন। তার কথায়, "আফগানিস্তানে আমার জন্য কোনো আশা দেখি না। আমাদের সামনে কোনো দরজা খোলা নেই।"
মাত্র ২০ বছর বয়সে আরেক নারী নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে গোপন স্কুল গড়ে তুলেছেন। সেখানে ৩০ জনের মতো শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের মধ্যে রয়েছে ২০ বছর বয়সী তরুণীও। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে সন্দেহের সৃষ্টি না করে, সে জন্য আলাদা সময়ে স্কুলে আসে।
বাড়ির একটি কক্ষ শ্রেণিকক্ষে পরিণত করে মেঝেতে বসে পড়াশোনা করে শিক্ষার্থীরা। দেয়ালে রঙিন ছবি ও ছোট ছোট প্লাস্টিকের টেবিল—সব মিলিয়ে সাধারণ একটি স্কুলের পরিবেশ তৈরির চেষ্টা করেছেন তারা। শিক্ষক হিসেবে নেই কোনো পেশাগত প্রশিক্ষণ। নিষেধাজ্ঞার আগে নিজেদের অর্জিত জ্ঞান দিয়েই মেয়েদের শিক্ষার সুযোগ করে দিচ্ছেন দুই বোন।
ওই তরুণীর ভাষায়, ক্রমাগত বিষণ্নতায় ভুগতে ভুগতেই তিনি স্কুলটি চালুর সিদ্ধান্ত নেন। মেয়েদের মধ্যে আশার সঞ্চার করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য।
তবে এই উদ্যোগের প্রতিটি দিনই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তালেবান সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে পারেন—এমন আতঙ্কে থাকতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।
এদিকে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা নিয়ে তালেবান সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অগ্রগতির কোনো লক্ষণ নেই। গত আগস্টে সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, শিক্ষাব্যবস্থার যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে।
অন্যদিকে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বাদরিওয়াল দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনেই নারীদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
কিন্তু কাবুলের গোপন স্কুল, সেলুন কিংবা ছোট উঠানে ফুটবল অনুশীলনের দৃশ্য বলে দিচ্ছে, নিষেধাজ্ঞা দিয়ে আফগান নারীদের স্বপ্ন পুরোপুরি থামিয়ে রাখা যায়নি। গ্রেপ্তারের ভয় ও অনিশ্চয়তার মধ্যে তারা নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন