প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে সুন্দর ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার নিশ্চয়তা দিয়ে অতিরিক্ত মুনাফার জন্য সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর জেলা পরিষদ অডিটরিয়ামে দুর্গাপুর বাজার ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, নির্বাচনের আগে তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সাত মাসে সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। এক দিনে দীর্ঘদিনের চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তাঁদের সদিচ্ছা রয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের প্রধান চাওয়া হলো নির্বিঘ্নে ও নিরাপদে ব্যবসা করা। ইতিমধ্যে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধী যত ক্ষমতাবানই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার বিষয়ে সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, ব্যবসা করে মুনাফা করা যাবে, তবে সাধারণ মানুষকে ঠকিয়ে নয়। কৃষকের কাছ থেকে ফসল কেনার সময় ওজনে কারচুপি না করার জন্যও তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
কৃষকের সঙ্গে ওজনে কারচুপি করা হলে শুধু জরিমানা না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
দুর্গাপুরকে আধুনিক ও পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান কায়সার কামাল। তিনি বলেন, পুরো দুর্গাপুরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।
পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে দুর্গাপুরে পর্যটকেরা আসবেন উল্লেখ করে তিনি বলেন, এতে স্থানীয় ব্যবসায়ীদের অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। তবে কেউ সেই সুযোগের অপব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কায়সার কামাল বলেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আমরা এমন একটি সুন্দর ও মানবিক দুর্গাপুর গড়ে তুলব, যেখানে প্রত্যেক নাগরিক নিজের অধিকার ভোগ করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।’
মতবিনিময় সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং দুর্গাপুরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন