প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং সীমাহীন প্রতিকূলতার মধ্যেও ফিলিস্তিনের গাজাবাসী পবিত্র কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রেখেছেন। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংবর্ধনা প্রদান করেছে, যা একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার নগরীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে কোরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁরা হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এই পদযাত্রা গাজাবাসীর কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার প্রতিজ্ঞার প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, "এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এই আয়োজন নিছক সম্মাননা অনুষ্ঠান নয়; বরং ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন।" তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এই অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, "কোরআন মুখস্থ করাই যেন তাদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা।" কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা বলেন, "যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার এই অর্জন অত্যন্ত গর্ব ও আনন্দের।" তিনি উল্লেখ করেন, প্রতিকূলতার মুখেও গাজাবাসীর দৃঢ়তা ও টিকে থাকার অনন্য দৃষ্টান্ত এটি। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জমিয়তুল বারাকার যৌথ প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। কোরআনের হাফেজদের সহযোগিতা এবং কোরআন শিক্ষার কার্যক্রমে তাঁদের সংস্থার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন হিবা আল-হিমস। তিনি গাজা উপত্যকায় অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বলেন, "কোরআনের ধারক-বাহকদের সম্মান জানানো শুধু পুরস্কার বা উপাধির বিষয় নয়; বরং পবিত্র কোরআনকে জীবনের সঙ্গী ও পথচলার আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করা হৃদয়গুলোর প্রতি সম্মান।" কোরআন মুখস্থ করার পাশাপাশি এর শিক্ষা অনুধাবন, বিধান অনুসরণ এবং নিজের চরিত্রে তার প্রতিফলন ঘটানোর দায়িত্বও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন