প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির আঘাতে বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা তপন চন্দ্র দাস (৫০) এবং তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)।
পুলিশের সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁসংলগ্ন মহাসড়কে চলার সময় বাবা ও ছেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ রাতের বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তপন চন্দ্র দাসও মারা যান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন