প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
রোববার (৭ জুন) সকালে কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদরাসা সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে কয়েকটি দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উল্লেখ্য, প্রায় ছয় মাস বিরতির পর ফের এ অভিযান শুরু হলো।
সওজ সূত্রে জানা গেছে, বেতগ্রাম–তালা–কপিলমুনি–পাইকগাছা–কয়রা আঞ্চলিক সড়কটি উন্নীতকরণ ও প্রশস্ত করার একটি প্রকল্পের আওতায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে দুই লেনে উন্নীত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণের পরিকল্পনা রয়েছে। এজন্য সড়কের বিভিন্ন অংশে ভূমি অধিগ্রহণ ও স্থাপনা অপসারণের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি একাধিক দফায় সময় ও ব্যয় বৃদ্ধি পেয়ে বাস্তবায়নাধীন রয়েছে।
এদিকে উচ্ছেদের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। তাদের অভিযোগ, সড়ক সরলীকরণের মূল নকশা বাস্তবায়নের পরিবর্তে পরিবর্তিত নকশা অনুযায়ী কাজ করা হচ্ছে। এজন্য বাজার এলাকার গুরুত্বপূর্ণ অংশে অনাকাঙ্ক্ষিত বাঁক তৈরি হবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাবে। একটি বিশেষ পক্ষের স্থাপনা রক্ষা করতে গিয়ে জনস্বার্থ উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, এবং সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এর আগেই, গত বছরের ডিসেম্বর মাসে একই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয়দের প্রতিরোধ ও আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানিও অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয়রা মূল নকশা অনুযায়ী সড়ক উন্নয়নের দাবি জানান। ওই সময় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘ বিরতির পর পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে, উচ্ছেদ ও সড়ক প্রশস্তকরণের বিষয়ে সওজের প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সড়কটি উন্নীতকরণের কাজ চলমান রয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণের জন্যেই নির্ধারিত স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন