প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অন্য আরেকজন শ্যালক রয়েছেন।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। সরকার ইতোমধ্যে মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর তিনি দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।
হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথমবারের মতো অফিসে যান সায়লা ফারজানা। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের বিশেষ মদদপুষ্ট প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা ফারজানা অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে। তারা তার অফিসে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাকে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
সায়লা ফারজানাকে আটকে রাখার খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে নিজের দপ্তরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিত কর্মকর্তারা সায়লা ফারজানাকে আর মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। এরপর পুলিশি পাহারায় গাড়িতে করে তাকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই ঘটনার পর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।
এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় আসামি করা হয়েছে মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে।
দুদকের এজাহার অনুযায়ী, মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল আলম শাহীন ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এসব হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন