প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রুপ পর্বে অপরাজিত থাকা ইউনিভার্সিটি অব স্কলার্সের জয়ের ধারাকে থামিয়ে দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউল্যাব ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে।
এই জয়টি ২০ বল হাতে রেখে এসেছে এবং শেষ মুহূর্তে বাড়তি রোমাঞ্চ ছড়ান মাহমুদুল হাসান নিলয়। তার টানা চার ছক্কায় দ্রুত ইউল্যাবের জয় নিশ্চিত হয়।
রবিবার (৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সিটি অব স্কলার্স নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আল আমিন।
৩০ বলের ইনিংসে তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। আকাশের ব্যাট থেকে আসে ১৫ বলে ২০ রান। শেষ দিকে হাসিব ১৯ বলে অপরাজিত ২৪ রান করে লড়াই করার মতো সংগ্রহ পায় স্কলার্স।
ইউল্যাবের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আরিফুর রহমান ও মাহমুদুল হাসান রকিব। উভয়েই তিনটি করে উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউল্যাব শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। ৬১ রানের উদ্বোধনী জুটিতে ফারহান জানি ও শাহবাব জামিল ফেরদৌস ভালো ভিত গড়ে দেন। ফারহান ২৩ বলে ২৫ রান করে ফিরে গেলেও ফেরদৌস একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তিনি ৪২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৫২ রান করেন।
এরপর জায়েদ আহমেদ ও মাহমুদুল হাসান নিলয়ের ব্যাটে জয় সহজ হয়ে আসে। জায়েদ ২৭ বলে অপরাজিত ৩১ রান করেন। নিলয় মাত্র ৮ বলে চারটি ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১৭তম ওভারে নিলয়ের টানা চার ছক্কায় জয় নিশ্চিত করে ইউল্যাব। তার ব্যাটে ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করে তারা।
স্কলার্সের হয়ে সাদ ও ইমরান একটি করে উইকেট নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন