প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিউ জামাল মার্কেটের পাশে অবস্থিত সায়েম এন্টারপ্রাইজ নামের একটি টাইলস ও রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানে থাকা দাহ্য পদার্থ ও রংয়ের কারণে মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার ধারণ করে এবং পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে নিউ জামাল মার্কেটের একটি ম্যাট্রেস তৈরির প্রতিষ্ঠান, ওয়ালটন শোরুমসহ বেশ কয়েকটি দোকান আগুনের কবলে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। টেকনাফ ও উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়। হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, "রাতে সায়েম এন্টারপ্রাইজের রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের মার্কেট ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।"
হ্নীলা বাজারের ইজারাদার আবদুল্লাহ বিন কাদের জানান, রঙের দোকান থেকে আগুন ছড়িয়ে প্রথমে ম্যাট্রেস তৈরির একটি প্রতিষ্ঠানে লাগে।
এরপর ওয়ালটন শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, হ্নীলা বাজারে অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন