প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান, যিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মেহবুবা মুফতি অভিযোগ করেছেন যে বিজেপি ভারতে মুসলিমদের ব্যবহৃত শব্দভাণ্ডারকে নিয়ন্ত্রণ বা 'পুলিশিং' করছে।
এই মন্তব্যটি তিনি পশ্চিমবঙ্গের খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদ থেকে আইপিএস কর্মকর্তা বুশরা বানোর সাম্প্রতিক বদলির প্রেক্ষাপটে করেছেন। বুশরা বানোর ইসলামিক অভিবাদন ব্যবহারের বিরুদ্ধে তীব্র বিরোধিতা ও অভিযোগ ওঠার পরপরই তাকে বদলি করা হয়।
আইপিএস বুশরা বানোকে খড়গপুরে দায়িত্ব গ্রহণের মাত্র আড়াই মাসের মাথায় স্থানান্তর করা হয়েছে। একটি ভিডিওতে "আসসালামু আলাইকুম", "ইনশাআল্লাহ" এবং "জাজাকাল্লাহ"-এর মতো ধর্মীয় অভিবাদনমূলক শব্দ ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে নালিশ ঠোকা হয়েছিল বলে জানা গেছে।
মেহবুবা এই ঘটনার প্রেক্ষাপটে বলেন, এসব ঘটনা এখন আর সংখ্যালঘু সম্প্রদায়কে অবাক করে না।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ মেহবুবা লেখেন, "‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার অপরাধে বুশরা বানোর বদলি, আর এর পরপরই নির্বাচনকে গোটা মুসলিম সম্প্রদায়ের আনুগত্যের 'পরীক্ষা' বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য—যা আসলে পুরো সম্প্রদায়ের প্রতি এক ধরনের গোপন হুমকি—আমাদের আর অবাক করে না।"
এদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বদলির কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগের কথা স্বীকার করা হয়নি।
মেহবুবা বিস্ময় প্রকাশ করেন যে শান্তি, কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ ঘটায় এমন সাধারণ শব্দগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করা সম্ভব।
তিনি বলেন, "বেশ মজার বিষয় হলো—শান্তি আপনার ওপর বর্ষিত হোক, ঈশ্বর চাইলে, এবং ঈশ্বরের প্রশংসা—এই সাধারণ তিনটি শব্দ একটি সুবিশাল ও শক্তিশালী রাজনৈতিক দলকে এতটা টলিয়ে দিতে পারে!"
মেহবুবা আরও যোগ করেন, মুসলিমদের ব্যক্তিগত জীবনযাপন ও পরিচয়ের ওপর নজরদারি ক্রমশ বাড়ছে। তিনি বলেন, "প্রথমে আমাদের খাবার, পোশাক আর বিয়ে নিয়ে টানাটানি করা হয়েছে, আর এখন আমাদের শব্দভাণ্ডার এবং আমাদের ভোটকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তাহীনতার অপর নামই এখন বিজেপি।"
জনসমক্ষে ধর্মীয় ভাষার প্রয়োগ, ধর্মীয় পরিচয় এবং সংখ্যালঘু অধিকার সংক্রান্ত চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই পিডিপি প্রধানের এই বিস্ফোরক মন্তব্য সামনে এলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন