প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সফর স্থগিত হওয়ার কারণে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানীর পূর্বনির্ধারিত সফরটি নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা বলে সংগঠনটি উল্লেখ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের সফর নির্বিঘ্ন করতে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার ফলে এই সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, "মুফতি মুহাম্মদ তাকি উসমানী সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম।" তিনি আরও বলেন, "হাদিস, ফিকহ, ইসলামি আইন ও অর্থনীতিতে তাঁর দীর্ঘদিনের গবেষণা ও অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত।" তাঁর বাংলাদেশ সফর দেশের আলেম-ওলামা ও গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সফর স্থগিত হওয়া বাংলাদেশের আলেম-ওলামাদের আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক যোগাযোগের ক্ষেত্রে একটি অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, নিরাপত্তাগত আশঙ্কা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু যদি একজন সম্মানিত আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর নিরাপত্তার কারণে স্থগিত হয়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বলেন, "এ সফর ঘিরে সৃষ্ট পরিস্থিতি বাংলাদেশের ভাবমূর্তির জন্যও বিব্রতকর।" তিনি সতর্ক করেন যে, এমন একজন বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদের সফর নির্বিঘ্ন করতে না পারা আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দিতে পারে।
তিনি আরও বলেন, সরকারকে এ ঘটনার দায় এড়িয়ে না গিয়ে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর এভাবে অনিশ্চয়তার মুখে না পড়ে, সে জন্য কার্যকর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দ্রুত মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফরের অনুকূল পরিবেশ তৈরি করবে। তাঁরা দেশবাসীকে শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন