প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় আখ ভাঙাকে কেন্দ্র করে ধাওয়া ও নির্মম মারধরের কয়েক দিন পর একটি পুকুর থেকে দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই কিশোর মোহাম্মদ জায়েদ শহীদি ও আশরাফ আলী, যাদের দুজনেরই বয়স ১৪ বছর বলে জানা গেছে। ২৫ ও ২৬ নভেম্বর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এক ছাত্রের স্বজন ‘দ্য অবজারভার পোস্ট’কে জানিয়েছেন, এই ঘটনার পেছনে সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করেছে।
আশরাফ আলীর আত্মীয় মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেন, ২৩ নভেম্বর মাদরাসার জন্য অনুদান (স্থানীয়ভাবে যা 'ওয়াসুলি' নামে পরিচিত) সংগ্রহ করতে যাওয়া পাঁচজন ছাত্রের দলে ওই দুই কিশোর ছিল। হরপুর গ্রাম থেকে ফেরার পথে বাঙ্গরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে যায়।
শাহাবুদ্দিন জানান, চালক যখন গাড়িটি মেরামত করছিলেন, তখন শিশুরা নিচে নেমে পাশের একটি আখখেতে ঢুকে দু-একটি আখ ভাঙে। তার ভাষ্যমতে, ই-রিকশাচালক শিশুদের আখ নিতে নিষেধ করেছিলেন। তবে খেতের মালিক সত্যেন্দ্র পাণ্ডে, তার ছেলেরা এবং স্থানীয় আরও কয়েকজন গ্রামবাসী শিশুদের ধাওয়া করেন।
শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, “তারা শিশুদের ধরে ফেলে এবং চালককেও বেধড়ক মারধর করে। এছাড়া আখের ক্ষতিপূরণ হিসেবে তারা ১০ হাজার রুপি দাবি করে।”
তিনি আরও জানান, চালক বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালে মাদরাসার সেক্রেটারি ও একজন শিক্ষক শিশুদের ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে পৌঁছান। শাহাবুদ্দিনের দাবি, একটি পোল্ট্রি খামারের কাছে চারজন ছাত্র ও চালককে আটকে রেখে নির্মমভাবে মারধর করার পর ছেড়ে দেওয়া হয়।
অন্য দুই ছাত্র ভয়ে আখখেতের ভেতর দিয়ে দৌড়ে পালালে প্রায় পাঁচজন লোক তাদের ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিন দাবি করেন, একপর্যায়ে ক্লান্ত হয়ে এবং কাদায় পা আটকে যাওয়ায় ওই দুই শিশু ধরা পড়ে যায়।
তিনি অভিযোগ করেন, “তারা ওই দুই শিশুকে ধাওয়া করে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। এরপর তাদের পুকুরে ফেলে দেয়।”
এই ঘটনার পর থেকেই ওই দুই ছাত্র নিখোঁজ ছিল। শাহাবুদ্দিন জানান, মাদরাসার শিক্ষক শুরুতে আশপাশের গ্রামগুলোতে তাদের খোঁজাখুঁজি করলেও ঘটনার দিন পরিবারকে কিছু জানাননি। পরদিন ২৪ নভেম্বর পরিবারকে বিষয়টি জানানো হলে গ্রামবাসীরাও তল্লাশি অভিযানে যোগ দেন। নিখোঁজ শিশুদের খুঁজতে প্রায় ৩০ থেকে ৪০টি মোটর সাইকেল নিয়ে তল্লাশি চালানো হয় বলে তিনি জানান।
শাহাবুদ্দিন আরও অভিযোগ করেন, তল্লাশি চলাকালে পুলিশের উপস্থিতিতেই প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে হুমকিমূলক মন্তব্য করে পরিবারগুলোকে নিজেদের সন্তান নিজেরাই খুঁজে নিতে বলেন। এ সময় পাণ্ডের ছেলে দম্ভোক্তি করে বলেছিল, শিশুদের এমন মার দেওয়া হয়েছে যে তারা যেখানেই থাকুক না কেন, তা আজীবন মনে রাখবে।
পরবর্তী দিনগুলোতেও তল্লাশি অব্যাহত থাকে। ২৫ নভেম্বর ঝোপঝাড় ও কর্দমাক্ত পাড়বেষ্টিত একটি বড় পুকুরে তল্লাশি চালাতে ড্রোন ব্যবহার করা হয়। শাহাবুদ্দিনের মতে, সেদিনই পুকুরে মোহাম্মদ জায়েদের মরদেহ শনাক্ত ও উদ্ধার করা হয়। পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আশরাফ আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশু কীভাবে পুকুরের মাঝখানে গেল—এমন প্রশ্ন তুলে শাহাবুদ্দিন বলেন, তাদের কেউই সাঁতার জানত না। তার অভিযোগ, পানিতে ফেলে দেওয়ার আগে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল; সম্ভবত তাদের হত্যার পর কিংবা গুরুতর আহত অবস্থায় পুকুরে ফেলে দেওয়া হয়।
শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় ২৭ নভেম্বর সত্যেন্দ্র পাণ্ডে, তার ছেলে ও জড়িত অন্যান্যদের নাম উল্লেখ করে একটি এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। তিনি আরও যোগ করেন, ই-রিকশাচালক এবং বেঁচে যাওয়া অন্য তিন ছাত্র হামলাকারীদের শনাক্ত করতে পারবে।
শাহাবুদ্দিনের অভিযোগ, পুলিশ এই মৃত্যুকে নিছক পানিতে ডুবে যাওয়ার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথচ পরিবারগুলোর বিশ্বাস শিশুদের হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ নভেম্বর রাত ৮টার দিকে থাওয়ে থানায় খবর আসে যে বারহারিয়া থানার অধীনে একটি মাদরাসার পাঁচজন ছাত্র অনুদান সংগ্রহের জন্য হরপুর গ্রামে গিয়েছিল। তাদের মধ্যে তিনজন নিরাপদে ফিরে এলেও দুজন নিখোঁজ রয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় থাওয়ে থানায় একটি মামলা (মামলা নং ২৭০/২৬) নথিভুক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে বাঙ্গরা গ্রামের পাণ্ডে টোলির নিকটবর্তী একটি নিচু পুকুর থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ জায়েদ সিওয়ানের বাসিন্দা এবং আশরাফ আলী বারহারিয়া পুরানি বাজারের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রদায়িক লক্ষ্যবস্তু করার অভিযোগ পরিবারের
‘দ্য অবজারভার পোস্ট’ এর সাথে আলাপকালে শাহাবুদ্দিন অভিযোগ করেন, ওই শিশুরা মাদ্রাসার ছাত্র হওয়ায় এবং পাঞ্জাবি-পায়জামা ও টুপির মতো ধর্মীয় পোশাক পরিহিত থাকায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, “তারা যদি অন্য কোনো সম্প্রদায়ের শিশু হতো, তবে এমন ঘটনা কখনোই ঘটত না।” তার দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে শিশুদের ওপর চালানো এই ঘটনাকে একটি পরিকল্পিত 'মব ভায়োলেন্স' বা গণপিটুনির ঘটনা হিসেবে দেখা উচিত।
শাহাবুদ্দিন আরও দাবি করেন, অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে ও তার পরিবার এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন।
নিহতদের পরিবার এফআইআরে নাম থাকা সকল আসামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শাহাবুদ্দিন জানান, তারা আসামিদের গ্রেপ্তারের অপেক্ষায় আছেন এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন