প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও, এর প্রভাবের কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার ফলে বরিশাল কৃষি অঞ্চলের প্রায় ১.২০ লাখ একর জমির উঠতি আমনসহ বিভিন্ন ধরনের রবি ফসল প্লাবিত হয়েছে। এর মধ্যে আমনের জমির পরিমাণ ৭৫ হাজার একরেরও বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই জানিয়েছে, গম, গোলআলু, খেসারি ও মসুর ডাল এবং তরমুজ, সরিষা ও শীতকালীন শাকসবজির বিপুল ফসলি জমি প্লাবিত হয়েছে।
ডিএই’র দায়িত্বশীল মহলের মতে, ঘূর্ণিঝড়টি প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ‘কোমল আঘাত’ হানায় সাগর কিছুটা উত্তাল হলেও তা ফুঁসে ওঠেনি। ফলে তিন দিনের মাঝারি বর্ষণে ফসলি জমিতে সাময়িক পানি জমে গেলেও বড় কোনো প্লাবনের শিকার হয়নি। বরিশালে ‘আকভান’র প্রভাবে ৩ দিনে প্রায় ১শ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে পানি খুব দ্রুত সরে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএই’র বরিশাল অঞ্চলের প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক।
তিনি বলেন, "নভেম্বর এলেই আমরা কিছুটা সতর্ক ও শঙ্কিত থাকি। কৃষকদেরও সেভাবে মনোসংযোগসহ মানসিকভাবে প্রস্তুত রাখা হয়।" পরিস্থিতির অবনতির আগেই সব ধরনের প্রস্তুতি ছিল বলে জানিয়ে প্রতিটি ব্লক সুপারভাইজারসহ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সরেজমিনে কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
তিনি আরও জানান, অসময়ের এ অতিবর্ষণে আক্রান্ত জমির আমন ধান কিছুটা হেলে পড়লেও, বৃষ্টি প্রলম্বিত না হওয়া এবং সাগরের জোয়ার ও উজানের কোনো ঢল না থাকায় নদ-নদীর প্রবাহ স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ফসলি জমি প্লাবনের শিকার হয়নি। দ্রুত পানি সরে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান ঊর্ধ্বতন এ কৃষি কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার বৃহত্তর দক্ষিণাঞ্চলে আবাদকৃত প্রায় ৯ লাখ হেক্টরের আমনের মধ্যে প্রায় ৩১ হাজার হেক্টরের স্থানীয়, উফশী ও হাইব্রিড আমন ধান ‘আকভান’র অতিবর্ষণে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রায় ১৫ হাজার হেক্টরের খেসারি এবং ৫ হাজার হেক্টরের শাকসবজি অসময়ের অতিবর্ষণে আক্রান্ত হয়েছে। আক্রান্ত বেশিরভাগ আমন ফসল হেলে পড়লেও, তিন দিন পরে বৃষ্টি বন্ধ হবার পাশাপাশি কোনো প্লাবন সৃষ্টি না হওয়ায় এসব ফসলের ক্ষতির সম্ভাবনা খুব কম।
তবে যেসব কৃষক তরমুজের আগাম বীজ বপন ও রোপণ করেছেন, তাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। আক্রান্ত খেসারি ডালের খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই। বর্ষণ মুগ ডাল আবাদকে কিছুটা বিলম্বিত করলেও, কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে মাঠ পর্যায়ের কৃষিবিদগণ জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন