প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টির বিতার্কিক দল।
প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বাংলাদেশের সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিলুপ্ত করবে’। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপক্ষ দলের বিরুদ্ধে যুক্তি, তথ্য-উপাত্ত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিজয় নিশ্চিত করেছে।
বিদ্যালয়ের আট সদস্যের প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকা জামান, মারুফা সুলতানা মৌ, নবম শ্রেণির সিদরাতুল সাউদা, সাদিয়া আক্তার মুমু এবং অষ্টম শ্রেণির ফাবিহা রাইসা তালুকদার, সাবিহা কাদের সারা, তালাত তালহা ও মরিয়ম আক্তার।
বিজয়ী দলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা রাইসা তালুকদার বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলনের ফল। ভবিষ্যতেও আমরা বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন এ বিষয়ে মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের অধ্যবসায়, যুক্তিনির্ভর চিন্তা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করব।’
এ বিজয়ের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। জাতীয় পর্যায়ে এমন সাফল্যে গর্বিত পুরো পূর্বধলাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। তাঁরা বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে এ সাফল্যকে পূর্বধলার শিক্ষাঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে অভিহিত করেছেন।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন