প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযুক্ত দুই নেতা সংগঠনের সদস্য করার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন। একই সঙ্গে তাঁরা সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দিতেও ব্যর্থ হয়েছেন। এসব বিষয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁরা যথাযথ প্রক্রিয়ায় সন্তোষজনক জবাব দেননি। পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও জবাব দেন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ গঠন বাধ্যতামূলক করা হয়নি। কার্যনির্বাহী পরিষদ প্রয়োজনে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ কিংবা যেকোনো উপকমিটি গঠন ও বাতিল করতে পারে। সভাপতির পদের বৈধতা নিয়ে ওঠা অভিযোগ নাকচ করে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুজ্জামান শিমুল তাঁর করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি উভয় পক্ষের সম্মতিতে একটি আপসনামাও স্বাক্ষরিত হয়েছে। মাসিক সদস্য চাঁদা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার বিষয়ে জাহিদুল ইসলাম দাবি করেন, বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক পদে তোফাজ্জল হোসেনের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, কার্যনির্বাহী পরিষদের যে সভায় তোফাজ্জল হোসেনকে আইনবিষয়ক সম্পাদক করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে অভিযোগকারী শাহাদাৎ হোসেন ও ইউসুফ হোসেনও সম্মতি দিয়েছিলেন। এ-সংক্রান্ত রেজুলেশনেও তাঁদের স্বাক্ষর রয়েছে।এর আগে শনিবার বেলা ১১টায় গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই বছর পূর্তি উপলক্ষে কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়। এতে সংগঠনের কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান টিপু, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকেরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সমিতির সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার সবুজ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন