প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাইলস্টোন কলেজের কামালউদ্দিন মিলনায়তন যুক্তির ধার, বুদ্ধির বিশ্লেষণ এবং বক্তব্যের দৃঢ়তায় মুখরিত হয়ে উঠেছিল। কলেজটির ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত বিতার্কিকরা অংশগ্রহণ করেছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষায় আয়োজিত এই প্রতিযোগিতায় নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সমসাময়িক নানা বিষয়ে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন।
মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস, উত্তরার দিয়াবাড়িতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করেছে মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। প্রাথমিক পর্যায়ে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে ৬০০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। বিভিন্ন ধাপ পেরিয়ে আজ বৃহস্পতিবারের চূড়ান্ত পর্বে আটটি দল স্থান করে নেয়।
নবম শ্রেণির বিতর্কের বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মসংস্থানের সবচেয়ে বড় হুমকি’ এবং দ্বাদশ শ্রেণির বিতর্কের বিষয় ছিল ‘পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করছে’। উভয় বিতর্কে বিপক্ষ দলের যুক্তি উপস্থাপনকারী দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি এবং এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সাবেক সভাপতি শরীফুল আলম সুমন। বিচারক প্যানেলের অন্যান্য সদস্যরা ছিলেন ১৬তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক মেহেদী হাসান, ১৯তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক সাদিয়া ইসলাম সূচনা, একই প্রতিযোগিতার বিতার্কিক ফাবিহা সানজিদা নওশিন এবং সরকারি বাঙলা কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামিল। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন আইনজীবী ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক তসলিম ভূইয়া প্রান্তিক।
মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) এবং ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বিতর্ক হলো একটি জীবনদর্শন, যা আমাদের যুক্তির আলোকে বিশ্লেষণ, সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়।’ তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তারা প্রত্যেকেই যুক্তিবাদী ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে নিজেদের যোগ্য করে তুলবে।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন এবং বিচারক শরীফুল আলম সুমন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন