প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আলাস্কার সিনেট নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে অনেক নাটক হয়েছে। নির্বাচনের পূর্বে ডেমোক্র্যাটদের সম্ভাব্য বিজয় ঠেকাতে আদালতে গিয়েছিলেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলাস্কায় পৃথকভাবে প্রচারণা চালিয়েছেন। তবে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার জয় ঠেকানো সম্ভব হয়নি। আলাস্কায় রিপাবলিকানদের আধিপত্য থাকা সত্ত্বেও, পেলটোলার বিজয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬। এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ৯টি আসন দখল করেছে রিপাবলিকানদের কাছ থেকে।
এই নির্বাচনে ড্যান সুলিভানের তৃতীয় মেয়াদে সিনেটর হওয়ার আশা মেরি পেলটোলা ভেঙে দিয়েছেন। আলাস্কার নির্বাচন সারা দেশে নজর কেড়েছিল নাম বিভ্রাটের কারণে। রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভানের পাশাপাশি ব্যালটে ছিল ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র নামে এক স্বতন্ত্র প্রার্থীর নামও। নামের মিল থাকায় ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কায় আদালতে গিয়েছিলেন রিপাবলিকানরা। তবে আদালত স্বতন্ত্র প্রার্থী ড্যানিয়েল সুলিভানের নাম ব্যালটে রাখার পক্ষে রায় দেন। এমনকি পেলটোলা জিতলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন না করার আবেদনও করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা নির্বাচনি কৌশলের অংশ হিসেবে সুলিভান নামে একজনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। যদিও ডেমোক্র্যাটরা এই অভিযোগ অস্বীকার করেছে।
তবে ভোটাররা বিভ্রান্ত হননি। পেলটোলা জয়লাভ করেছেন পরিষ্কার ব্যবধানে। তিনি ৫০.১ শতাংশ (১ লাখ ৪৪ হাজার ৩০২) ভোট পেয়েছেন। অন্যদিকে, বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পেয়েছেন ৪৫.৮ শতাংশ (১ লাখ ৩১ হাজার ৮৪৪) ভোট। অপর সুলিভান পেয়েছেন ১.৬৫ (৪ হাজার ৭৬০) ভোট। দুই সুলিভান মিলেও পেলটোলাকে হারাতে সক্ষম হননি। ফলে নামের মিলের কারণে ভোটারদের বিভ্রান্ত হওয়ার রিপাবলিকান শঙ্কা শেষ হয়ে গেছে। ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার কারণে আলাস্কার নিয়ম অনুযায়ী দ্বিতীয় ধাপে ভোট গণনার প্রয়োজন হয়নি। আনুষ্ঠানিক ফলাফল আগামী ২৫ নভেম্বর ঘোষণা করা হবে।
ইউপিক আদিবাসী বংশোদ্ভূত পেলটোলা আলাস্কা থেকে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান সিনেটর হতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নেটিভ আমেরিকান সিনেটরদের একজন হওয়ার গৌরব অর্জন করবেন। মিনেসোটার ডেমোক্র্যাট লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগানের সাথে তিনি এই যৌথ খেতাবের অংশীদার হবেন, যিনি সদ্য তাঁর অঙ্গরাজ্যের শূন্য সিনেট আসনে নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে অঙ্গরাজ্যে ট্রাম্প ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াইয়ে নামার জন্য সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার পেলটোলাকে রাজি করানোর পর থেকেই আলাস্কার এই আসনটি ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পেলটোলার বিজয় উদ্যাপন করে এক বিবৃতিতে শুমার বলেন, '৫৬ আসনের সংখ্যাগরিষ্ঠতা মাত্র কয়েক মাস আগেও ছিল এক অকল্পনীয় ফলাফল।' তিনি আরও যোগ করেন, 'ডেমোক্র্যাটরা এখন এমন এক টেকসই সংখ্যাগরিষ্ঠতা তৈরির সুবিধাজনক অবস্থানে রয়েছে, যা আমেরিকান জনগণের জন্য দীর্ঘস্থায়ী ও বাস্তব ফলাফল বয়ে আনতে পারে।'
নিজের বিবৃতিতে পেলটোলা বলেন, তাঁর এই বিজয় এই বার্তাই দিয়েছে যে ওয়াশিংটন ডিসি-র বর্তমান স্থিতাবস্থা আলাস্কার জন্য কাজ করছে না।
পেলটোলা ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আলাস্কার একমাত্র প্রতিনিধি হিসেবে হাউসে দায়িত্ব পালন করেছেন এবং তিনিই ছিলেন ওই অঙ্গরাজ্য থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান। ২০২৪ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী নিক বেগিচের কাছে পুনর্নির্বাচনে হেরে গেলেও, সে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দলের সামগ্রিক ফলাফলের চেয়ে অনেক ভালো ভোট পেয়েছিলেন।
নির্বাচনি প্রচারণার শেষ সপ্তাহগুলোতে সুলিভানকে সমর্থন দিতে ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলাদাভাবে আলাস্কা সফর করেন। সুলিভান নিজেকে কংগ্রেসে পেলটোলার চেয়ে অনেক বেশি কার্যকর আইনপ্রণেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি পেলটোলাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতাদের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেন।
'মাছ, পরিবার এবং স্বাধীনতা'— এই স্লোগান নিয়ে প্রচারণায় নামা পেলটোলা জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটিক পার্টি থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখেন। তিনি নিজেকে সীমান্ত নিরাপত্তা, অস্ত্র রাখার অধিকার এবং তেল-গ্যাস শিল্পের একজন জোরালো সমর্থক হিসেবে তুলে ধরেন। ট্রান্সজেন্ডার অধিকার বিষয়ে রিপাবলিকানদের আক্রমণের জবাবে তিনি বিজ্ঞাপনও প্রচার করেন।
ড্যান সুলিভান ২০১৪ সালে প্রথমবার সিনেটে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি আলাস্কার প্রাকৃতিক সম্পদ বিভাগের কমিশনার এবং অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন