প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জ শহরের অলিগলি বিভীষিকাময়! এই শহরকে অবরুদ্ধ করে রেখেছে যুদ্ধের আসামি ও গোপালগঞ্জবাসী। এ সংবাদদাতা বৃষ্টির মধ্যেও মুকসুদপুর উপজেলা এলাকার বিভিন্ন ইউনিয়নের বাজারঘাটের খোঁজ নিলেন।
টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ১০ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট থানা এলাকা এখন জনমানবশূন্য। এই যুদ্ধের ফলে কী লাভ হলো? টুঙ্গিপাড়া চৌরাস্তায় দোকানদার কবির মিয়ার সঙ্গে কথা হয়। তিনি ইনকিলাবকে জানান, "হাওয়ায় পাওয়া খবরে সব নামলো রাস্তায়, পোড়ালো থানা আর এমপির বাড়ি। যেখানে সবাই যোদ্ধা, সবাই নেতা। এখন কারোর পাশে কেউ নেই, সবাই আসামি।"
মুকসুদপুর উপজেলা এলাকার পরিস্থিতি একই রকম। আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের কারণে নারী-পুরুষ, কিশোর-কিশোরী কেউ নেই বাড়িতে। পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতেও কারোর স্থান নেই। আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে এবং নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। তবে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশ—"কোনো নির্দোষ মানুষ কোনো রকম হয়রানির শিকার হবেন না।" অপরাধী যে দলেরই হোক, তাদের কোনো ছাড় নেই। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউজে বসে এই বার্তাই দিয়ে গেলেন। সন্ধ্যার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি ও রুটিনমাফিক অভিযান শুরু হয়েছে।
মুকসুদপুর এলাকার আ. আজিজ, একজন ব্যাংকার, ঢাকায় বসবাস করেন। তিনি বলেন, "বৃহত্তর ফরিদপুর তথা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ মিলে ৫টি জেলা। সে হিসেবে গোপালগঞ্জ বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ নয়, এই জেলাটি এই অঞ্চলেরই একটি অংশ।" গত ৭ দিন ধরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতায় আজ আগুন সন্ত্রাস, ধ্বংস ও লুটপাটের জনপদ হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি একদিনের নয়, এটি সারাজীবনের বদনাম।
মুকসুদপুর কলেজ পাড়া এলাকার মুদি দোকানদার আশরাফুলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, "এই জনপদের মানুষ, মাটি, প্রকৃতি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য—সবকিছুই আমাদের জাতীয় জীবনের অংশ। অথচ সেই গোপালগঞ্জের রাজপথ আজ অবরোধ, ভাঙচুর আর অচলাবস্থার বিভীষিকাময় চিত্র তুলে ধরছে। যারা থানা ভাঙল, অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, পুলিশ-বিজিবিকে রক্তাক্ত করছেন—তারা কারা? তারা তো এই বাংলাদেশেরই মানুষ। এখন ঠেলা সামলাক। মাতুব্বর হওয়া খুব সহজ, কিন্তু দায়িত্ববান হওয়া কঠিন। সবকিছুই চিন্তা করে করতে হয়।"
মুকসুদপুর হাসপাতালে রোগী আছে, বাড়ি গোপীনাথপুর; তিনি জানান, রাস্তা অবরোধ, হাসপাতাল ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা, শিক্ষকদের নিরাপত্তাহীনতা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ—এমনকি প্রতিদিনের ব্যস্ততায় প্রাণ ফিরে পাওয়া ছোট্ট চায়ের দোকানটিও আজ বন্ধ। চারদিকে যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সমস্ত প্রয়োজনীয় স্থাপনা ও প্রতিষ্ঠানগুলোকেই প্রথমে ধ্বংস করা হলো। কী লাভ হলো? এ ক্ষতি গোপালগঞ্জের আপামর জনসাধারণের। টুঙ্গিপাড়া, মুকসুদপুর—দুটি থানাকে পুড়িয়ে জ্বালিয়ে সরকারের কতগুলো গাড়ি পোড়ানো হলো। এই গাড়ি করে আমাদের জানমাল ও সম্পদ রক্ষায় নিয়োজিত হয়ে খবর আসলেই ছুটত পুলিশ সদস্যরা। আজ সেই থানা এলাকা অন্ধকার। আলো নেই, পুলিশ নেই। নীরব-নিথর দুটি থানা। মুকসুদপুর থানা নয়, মনে হয় জঙ্গলবাড়ি। চারদিকে আলোহীন ঘুটঘুটে অন্ধকার।
কাশিয়ানী মোড় এলাকার কলা বিক্রেতা আরমান ঢালীর সঙ্গে কথা হয়। তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেন, "ভালো নেই।"
এলাকার পোলাপান কার কথায় পেট্রোল ঢেলে তিন এমপির বাড়ি জ্বালাল? এখন কেমনে বাঁচবেন এরা? তিনজন সংসদ সদস্যের বাড়ি-গাড়ি এবং ১৫/২০ ঘর স্বজনের বাড়ি জ্বলন্ত আগুনে পোড়ানো হয়েছে। মানুষের সেবা নেওয়ার জায়গা হাসপাতালও পোড়ানো হয়েছে। রোগীর বিছানা টেনে দেওয়া হয়েছে আগুনে। বেশ কয়েকটি গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০টি স্থাপনা ও প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর, লুটপাট হয়েছে। অজপাড়াগাঁয়ে হামলাকারীরা কী পেলেন? সাময়িক রাগের ঝাল মেটানো খুব সহজ। কিন্তু অপরাধের পথ পাড়ি দেওয়া খুব কঠিন। কারণ শান্তির পথ যেমন সহজ ও সংযমী হয়, তেমনি অন্যায়ের পথ কঠিন।
একজন স্কুলশিক্ষক ইলিয়াস মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, "গত ৪/৫/৬/৭ দিন যাবৎ যারা গোটা গোপালগঞ্জে ধ্বংসযজ্ঞ চালিয়ে ধারালো অস্ত্র হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উল্লাস করেছেন, এখন তাদের পাশে কি কেউ আছেন? সব কষ্ট এখন তাদের। এখন অন্যায় যার, দায় তার। একজন তার পরিবারকে নিয়ে কষ্ট ভোগ করতে হবে।" তিনি আরও বলেন, গোপালগঞ্জ যেতে টেকেরহাট, বড়ইতলা সড়কের প্রবেশপথ, মুকসুদপুর-বাটিকা মারি সড়কের গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। অথচ সেই গাছই একদিন মাটি আগলে রেখেছে, পথচারীকে ছায়া দিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে, পাখিদের আশ্রয় হয়েছে। নিষ্ঠুর করাতের আঘাতে আজ সেই গাছগুলো নিথর। যে গাছ মানুষের উপকারে এসেছে, সেই গাছকেই মানুষের চলাচলের পথ আটকে দেওয়ার অস্ত্র বানানো হয়েছে!
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদকর্মী ইনকিলাবকে বলেন, "একটি বিষয় কি আমরা ভেবে দেখছি? যে জেলার অধিকাংশ মানুষের রাজনৈতিক সমর্থন একটি নির্দিষ্ট দলের প্রতি, সেই জেলার সাধারণ মানুষই আজ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার। দরিদ্র দোকানির শাটার বন্ধ, দিনমজুরের আয় বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীর সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক উত্তেজনার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে।"
থানার গাড়ি ভাঙচুর করা হচ্ছে—কিন্তু গভীর রাতে কোথাও ডাকাতি হলে নিরাপত্তার জন্য কাকে ডাকবেন? সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবে কে? নিজের পরিবারের কেউ রাতদুপুরে অসুস্থ হয়ে পড়লে অবরুদ্ধ সড়ক পেরিয়ে অ্যাম্বুলেন্স কীভাবে পৌঁছাবে হাসপাতালে? নিজেদের দোকানপাট নিজেরাই বন্ধ করে দিলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনবেন কোথা থেকে? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষতি কে পুষিয়ে দেবে? হাসপাতাল আক্রান্ত হলে বিপদে পড়া রোগীদের দায়ভার কে নেবে? একবার কি ভেবে দেখেছি, এই অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা? তাঁরা তো সাধারণ মানুষ—যাঁদের রাজনীতি করার চেয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই বড় সংগ্রাম।
স্থায়ী টেংরাখোলা বাজারের পাশে বাড়ি মো. ইউসুফ হাওলাদার বলেন, "যে পথে একদিন মানুষ হেঁটেছে, যে সড়কের পাশে দাঁড়িয়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়েছে, আজ সেই পথেই পড়ে আছে কাটা গাছের নিথর দেহ। যেন নীরবে প্রশ্ন করছে—নিজেদের শহরকে নিজেরাই অবরুদ্ধ করে আমরা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? কী পেয়েছি? কী পাবে তোমরা?"
ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কলাচাষ করছেন নিজের জমিতে। তিনি বলেন, "প্রতিবাদ করার অধিকার সবার আছে। দাবি আদায়ের জন্য আন্দোলনও হতে পারে। কিন্তু সেই আন্দোলনের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের চলাচল এবং জননিরাপত্তা বিপন্ন হবে কেন? গোপালগঞ্জ কারও একার নয়। এটি আমাদের সবার শহর, সবার জনপদ। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে, ক্ষোভও থাকতে পারে। কিন্তু সেই ক্ষোভের আগুনে নিজের শহর, নিজের মানুষ, নিজের ভবিষ্যৎ পুড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই। এখনই কি সময় হয়নি একটু থেমে ভাবার? নিজেদের শহরকে অবরুদ্ধ করে, নিজেদের মানুষের জীবন-জীবিকা বিপন্ন করে, প্রকৃতির ছায়া ধ্বংস করে আমরা কি শেষ পর্যন্ত নিজেদের সঙ্গেই যুদ্ধ করছি না তো?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন