প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতির দায়ে বিভাগীয় মামলায় দণ্ডিত সার্ভেয়ার আসাদুল্লাহকে শাস্তিমূলক বদলির মাত্র দুই মাস পর আবারও ভোলা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় সংযুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাধ্যমে ম্যানেজ প্রক্রিয়ায় তিনি পুনরায় এই গুরুত্বপূর্ণ শাখায় যোগদান করেছেন। এই ঘটনায় দ্বীপজেলা ভোলাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধান থেকে জানা যায়, সার্ভেয়ার আসাদুল্লাহর মূল কর্মস্থল পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে ৫১ জন সচ্ছল ব্যক্তিকে খাসজমি বন্দোবস্ত পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগের সম্মুখীন হন। সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ভূমি মন্ত্রণালয়ের শাখা-৩ থেকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। পরবর্তীতে তাঁকে কাউখালী থেকে সরিয়ে প্রথম দফায় ভোলার ডিসি অফিসের এলএ শাখায় সংযুক্ত করা হয়েছিল।
সেখানে তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অব্যাহত ছিল। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যাঁরা ঘুষ দিতে অস্বীকৃতি জানান, তাঁদের লাখ টাকার জমিকে হাজার টাকা মূল্য (ভ্যালুয়েশন) দেখিয়ে কাগজ প্রস্তুত করার ফলে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিগত ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে অদ্যাবধি ভোলা জেলায় জমি অধিগ্রহণের নামে কারসাজি করে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে জনশ্রুতি রয়েছে। ঢাকার অদূরে আলিশান বাড়ি, একাধিক ফ্ল্যাট ও বিপুল সম্পত্তির মালিক তিনি।
এদিকে, দুর্নীতি মামলার তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার অতিরিক্ত সচিব নাসরিন জাহান স্বাক্ষরিত এক আদেশে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির আদেশ দেওয়া হয়। এরপর তাঁকে ভোলা থেকে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেখানে দুই মাস না যেতেই অদৃশ্য শক্তির ইশারায় তাঁকে ফের ভোলার সেই পুরোনো এলএ শাখায় ফিরিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তিনি আরও স্বীকার করেন যে, দুর্নীতিবাজরা যেখানেই যাক, তারা তাদের স্বভাবগত অপরাধ থেকে সরে আসে না।
অন্যদিকে, অভিযুক্ত সার্ভেয়ার আসাদুল্লাহ তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি মাত্র কয়েক দিন হলো যোগদান করেছেন এবং একটি চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সাক্ষাতে বিস্তারিত জানাবেন বলেও মন্তব্য করেন তিনি।
একজন দণ্ডপ্রাপ্ত ও প্রমাণিত দুর্নীতিবাজ সার্ভেয়ারকে বারবার একই স্পর্শকাতর শাখায় ফিরিয়ে আনার নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সুশীল সমাজ ও ভুক্তভোগীরা। তাঁরা অবিলম্বে ঊর্ধ্বতন প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন