প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর মান্দা এলাকায় সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে নিহতের চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নিহত সিয়াম চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র। পেশায় সে চার্জারভ্যান চালক ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সিয়াম চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকার খবর পরিবারের সদস্যরা পান। পরে ঘটনাস্থলে গিয়ে বাবা নজরুল ইসলাম তার ছেলের মরদেহ শনাক্ত করেন।
নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে পড়াশোনা না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জারভ্যান কিনে দিয়েছিলেন। তার অভিযোগ, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন