প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জাতীয় সরকার গঠনের প্রস্তাবে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের প্রস্তাব তাদের দলের অবস্থান নয়।
বুধবার (২৫ নভেম্বর) পিটিআইয়ের জাতীয় পরিষদ ও সিনেটের সংসদীয় দলের যৌথ বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত এক সদস্য ডনকে জানান, আচাকজাইয়ের সাম্প্রতিক জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশ সদস্যই এ উদ্যোগের বিরোধিতা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য আরও বলেন, বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে যে, এ প্রস্তাব আচাকজাইয়ের দল পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির। পিটিআই এ ধরনের কোনো উদ্যোগে সমর্থন দেবে না।
এর আগে, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের এক বহুদলীয় সম্মেলনে জাতীয় সরকার গঠন ও সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছিলেন আচাকজাই।
বৈঠকে নতুন প্রদেশ গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে, এ বিষয়ে সরকারের প্রস্তাবিত খসড়া প্রকাশের আগে দলের কোনো সদস্যকে নীতিগত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে সংসদীয় দলের অভ্যন্তরীণ আলোচনা মাধ্যমে এ বিষয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে।
বৈঠকে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা ও সিনেটে দলের সংসদীয় নেতা ব্যারিস্টার আলী জাফরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও ঘটে। সূত্র জানায়, রাজা বলেন, "দলের কিছু সদস্য কী করছেন, তা তিনি জানেন; তবে তাঁদের নাম বলতে চান না।" জাফর তখন তাঁকে নাম প্রকাশের চ্যালেঞ্জ জানান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। পরে আমির দোগার ও ফয়সাল গান্ডাপুরসহ কয়েকজন হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
রাজা নাম উল্লেখ না করে বলেন, "দলের কয়েকজন সদস্য এমনকি নীতিগত বিবৃতিও পড়েন না।" তিনি আরও বলেন, "আত্মগোপনে থাকা অবস্থায়ও দলের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম নিয়মিত নীতিগত বক্তব্য ও দলের অবস্থান পাঠান, কিন্তু অনেকে সেগুলো পড়েন না।"
বৈঠকে পিটিআইয়ের নেতা সরদার লতিফ খোসা আদিয়ালা কারাগারে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে সদস্যদের অবহিত করেন। সূত্রের বরাতে ডন জানায়, খোসা বলেছেন, নতুন প্রদেশ গঠনের বিষয়টি সংসদীয় দলের বৈঠকে আলোচনার নির্দেশ দিয়েছেন ইমরান খান।
এদিকে, ডনকে শেখ ওয়াকাস আকরাম বলেন, নতুন প্রদেশ গঠনে সরকারের খসড়া পর্যালোচনার পর পিটিআই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে। জাতীয় পরিষদ, সিনেট ও প্রাদেশিক সংসদীয় দলগুলোর প্রতিনিধিরা এ কমিটিতে থাকবেন।
ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য দলের সদস্যদের একটি তালিকা আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে পিটিআই। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীরা এবং বৃহস্পতিবার পিটিআই নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন