প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনা মূল্যে র্যাবিস টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ও হলের ৪০টির বেশি পোষা বিড়ালকে টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের (এসডব্লিউআই) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দীন বলেন, "পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ব্যতিক্রমী। শুরুতে ধারণা ছিল না, ক্যাম্পাসে এত শিক্ষার্থী বিড়াল লালন-পালন করেন। বিড়ালও জীববৈচিত্র্যের অংশ। মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী ও উদ্ভিদের অধিকার নিয়েও কাজ করা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "শুধু বিড়ালের সুরক্ষা নয়, তাদের মালিক ও ক্যাম্পাসের অন্য বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব পোষা বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, "অল্প সময়ের মধ্যে সংগঠনটি শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পোষা প্রাণীর টিকাদানও তেমন একটি উদ্যোগ। অনেকের কাছে পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো। তাদের অসুস্থতা মালিকদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই প্রাণীর শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।" তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনটির অ্যানিমেল ওয়েলফেয়ার প্রকল্পের প্রধান ও কর্মসূচির আয়োজক জনি সাহা জানান, "ক্যাম্পাসে বাসা ও হলে যেসব শিক্ষার্থী বিড়াল পালন করেন, তাঁদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৪০টির বেশি বিড়ালকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো ক্যাম্পাসের পোষা প্রাণীকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"
কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনমোল আমিরা বলেন, "ক্যাম্পাসে পোষা প্রাণীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পশুপাখি ভালোবাসেন এবং পোষা প্রাণীর যত্ন নেন। তবে তাদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ও সহযোগিতামূলক মনোভাব খুব বেশি দেখা যায় না।" তিনি জানান, নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
একই কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্যামল বড়ুয়া বলেন, "বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণীদের টিকাদানের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বিড়ালটি কিছুটা ভয় পেলেও আয়োজকদের সহযোগিতায় শেষ পর্যন্ত সফলভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে। প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।" পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি আয়োজনের প্রত্যাশা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন