প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সব পক্ষের প্রতি ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।
শুক্রবার রাতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এই আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রথম পরিচয় হলো তারা জবিয়ান। ধর্মীয় মূল্যবোধের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে, সব ধর্মের শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বজনীন সহাবস্থানের কেন্দ্র। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন। কোনো নির্দিষ্ট ঘটনার কারণে দীর্ঘদিনের এই সম্প্রীতি বিঘ্নিত হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান সংকটের সময় আবেগ বা উসকানির প্রভাবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। সব ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে শিক্ষার্থীদের কল্যাণ, দেশের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। সংগঠনটি মনে করে, পারস্পরিক আলোচনা ও শ্রদ্ধাবোধের মাধ্যমে যেকোনো জটিল সমস্যার সমাধান সম্ভব।
এতে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও অধিকারের প্রতি সম্মান জানিয়ে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সম্প্রীতি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানায় জবি ছাত্রদল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন