প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন প্রসিদ্ধ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। একই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত-খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রাণীনগর উপজেলার চককুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত-মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনার তিন দিনের মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ১৭ অক্টোবর রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন গ্রীল মিস্ত্রি হানিফ। ওই রাত আনুমানিক সোয়া আটটার দিকে রাণীনগর উপজেলা সংলগ্ন সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের শিহাব হোসেনের জমির পাশের সড়কের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানার পর তিনি জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করার নির্দেশ দেন। পরে ডিবির একটি দল ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে। একপর্যায়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেফতার এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধারে পুলিশের অভিযান এবং তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে। নওগাঁয় অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই বলেও তিনি হুশিয়ারী প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন