প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : আইন বিষয়ে ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থীকে বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ আত্মহত্যার আশঙ্কায় পাওয়া এক খবরের ভিত্তিতে তাকে উদ্ধার করে।
লি জিন-উ নামের ওই শিক্ষার্থী চলতি বছরে আলোচনায় আসেন। তিনি মর্যাদাপূর্ণ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসএনইউ) দন্তচিকিৎসা বিষয়ে পড়ার পাশাপাশি আইন বিষয়ে ভর্তি পরীক্ষায় পূর্ণ নম্বর অর্জন করেছিলেন।
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।
তবে চলতি বছরের জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী রোববার এআই ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করার পর ৩২ বছর বয়সী লির বিরুদ্ধে সন্দেহ দেখা দেয়। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন।
অভিযোগ খণ্ডন করতে বৃহস্পতিবার সরাসরি অনলাইনে সম্প্রচারের মাধ্যমে কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ঘোষণা দেন লি। তিনি নিজের দক্ষতা প্রমাণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি।
পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, গাংডং জেলার একটি অজ্ঞাত স্থানে লিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ত্রিশোর্ধ্ব এক ব্যক্তির আত্মহত্যার আশঙ্কা নিয়ে বৃহস্পতিবার পাওয়া একটি খবরের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ায় কর্তৃপক্ষ সাধারণত কাউকে মৃত ঘোষণা করতে কিছুটা সময় নেয়। এ কারণে মৃত অবস্থায় পাওয়া ব্যক্তিদেরও ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায়’ বলে উল্লেখ করা হয়।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, ‘তাকে মৃত ঘোষণা করা হলে ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
এদিকে তার কলেজে ভর্তি পরীক্ষার ফল নিয়েও প্রশ্ন উঠেছে। ২০১০-এর দশকে পাওয়া নম্বরের তুলনায় পরবর্তী সময়ে তাঁর ফল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ভিত্তিতেই তিনি এসএনইউর ডেন্টাল স্কুলে ভর্তির সুযোগ পান।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমে তার বিরুদ্ধে অতীতে মারধর ও চাঁদাবাজির অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের সঙ্গে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির অভিযোগের কোনো সম্পর্ক নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন