প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপ সেরার খেতাব থেকে বঞ্চিত রয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তাই চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে পাঁচবারের শিরোপাধারীরা। ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এ তথ্য জানিয়েছেন।
ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ আসবে— এই প্রতিজ্ঞা ২০১৮ সালে বার্সেলোনা সমর্থকদের সামনে করেছিলেন লিওনেল মেসি। সেই প্রতিজ্ঞার পর কেটে গেছে ৮টি বছর। মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছেন এবং ২০২৩ সালে ইউরোপও ত্যাগ করেছেন। কিন্তু ন্যু ক্যাম্পে ইউরোপ সেরার মুকুট ফিরে আসেনি।
গত এক দশকে ক্লাব ফুটবলে স্পেনের শাসন করেছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে তারা পাঁচটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের পাশাপাশি, কোপা দেল রে চারবার জয়লাভ করেছে। তবে ইউরোপ সেরার দৌড়ে নামলেই তাদের ছন্দ হারিয়ে যায়। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ তারা পেয়েছিল ২০১৫ সালে। এরপর এক দশক পার হলেও সেই অপেক্ষার অবসান হয়নি। তবে বর্তমান দল নিয়ে ক্লাব প্রেসিডেন্ট বেশ আত্মবিশ্বাসী। তিনি মন্তব্য করেছেন, হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সা তাদের ষষ্ঠ ইউসিএল শিরোপা জয় করবে।
তিনি বলেন, ‘যদি আমাকে বলা হয়, আমাদের প্রধান লক্ষ্য কোনটা, তাহলে আমি বলব, অবশ্যই চ্যাম্পিয়নস লিগ। আমরা এই বছরই শিরোপাটা জিততে চাই।’
ফ্লিকের অধীনে গড়া তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে তৈরি দলটির আক্রমণভাগে বড় ভরসা লামিন ইয়ামাল ও রাফিনিয়া। মাঝমাঠে রদ্রি, পেদ্রি ও গাভির মতো খেলোয়াড়রা দলকে আরও গতিশীল করেছে। রক্ষণভাগে কুন্দে, আলেহান্দ্রো বালদে ও পাও কুবার্সির মতো তরুণরা রয়েছেন। গোলপোস্টে হোয়ান গার্সিয়াও বড় ভরসার নাম। তাই শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, মৌসুমের প্রতিটি শিরোপাতেই নজর রয়েছে ক্লাবটির।
লাপোর্তা বলেন, ‘আমাদের দারুণ একটা দল আছে, খুব ভালো খেলোয়াড় এবং অত্যন্ত দক্ষ কোচ রয়েছে। খেলোয়াড়রাও ভীষণ অনুপ্রাণিত। আমাদের লক্ষ্য সব শিরোপার জন্য লড়াই করা।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে কাতালান ক্লাবটি। তবে ইন্টার মিলানের কাছে হেরে সেবারও তাদের স্বপ্ন পূরণ হয়নি। এবার সেই বাধা টপকানোর লক্ষ্য তাদের। এর আগে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে দলটিকে। মঙ্গলবার (২০ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের শিষ্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন