প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ গ্রহণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে। এই উদ্দেশ্যে টিসিবি এবং পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এই সমঝোতা স্মারক সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া, সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে।
এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, "এই এমওইউ মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করা হচ্ছে।" তিনি আরও জানান, এই এমওইউর অধীনে দুই দেশ কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানি করবে, তবে তা অবশ্যই প্রতিযোগিতামূলক মূল্যে হবে।
টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, পাকিস্তান তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। তবে, কত পরিমাণ পণ্য আমদানি করা হবে, কী দামে কেনা হবে এবং সরবরাহের সময়সূচি কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসব পণ্য আমদানির ক্ষেত্রে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবি প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের প্রায় ৫০ শতাংশ স্থানীয় বাজার থেকে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর সুযোগও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন