প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বয়স বাড়ার প্রক্রিয়ার সঙ্গে মানুষের উচ্চতা কিছুটা হ্রাস পাওয়াটা অস্বাভাবিক নয়। তবে যদি উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমে যায়, তাহলে বিষয়টিকে বয়সের স্বাভাবিক পরিবর্তন হিসেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। এটি হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা অস্টিওপোরোসিসের লক্ষণ হতে পারে। এমনকি মেরুদণ্ডের হাড়ে চিড় বা সংকোচনজনিত ফ্র্যাকচারের কারণে উচ্চতা কমে যেতে পারে।
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের বিজয়ওয়াড়ার মণিপাল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক জি ভি রেড্ডি বয়সের সঙ্গে উচ্চতা কমার স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন।
হাড় দুর্বল হলে কীভাবে কমে উচ্চতা?
চিকিৎসক জি ভি রেড্ডির মতে, কোনো দৃশ্যমান আঘাত বা পড়ে যাওয়ার ঘটনা ছাড়াও উচ্চতা কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে, হাড় দুর্বল হওয়ার প্রথম লক্ষণ হিসেবে মেরুদণ্ডের হাড়ে ফ্র্যাকচার দেখা দেয়। তবে এই অবস্থায় সব সময় তীব্র ব্যথা অনুভূত নাও হতে পারে।
মেরুদণ্ডটি ছোট ছোট হাড় দিয়ে গঠিত, যেগুলোকে ভার্টিব্রা বলা হয়। এগুলো শরীরের ভার বহন করে এবং স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুকে সুরক্ষা দেয়। অস্টিওপোরোসিস হলে এই হাড়গুলোর শক্তি কমে যায়। ফলে মেরুদণ্ডের হাড় সহজেই চাপে সংকুচিত হয়ে যেতে পারে।
যদি কোনো একটি ভার্টিব্রা দুর্বল হয়ে আংশিকভাবে বসে যায়, তাহলে মানুষের উচ্চতা কমে যায়। এছাড়া, মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী ডিস্কের পরিবর্তন, ভুল দেহভঙ্গি এবং অন্যান্য মেরুদণ্ডের সমস্যার কারণে উচ্চতা কমতে পারে।
উচ্চতা কমার কিছু লক্ষণ সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। যেমন—আগের তুলনায় প্যান্টের দৈর্ঘ্য বেশি মনে হওয়া, পিঠ ক্রমশ বাঁকা হয়ে যাওয়া কিংবা সোজা হয়ে দাঁড়ানোর সময় সামনের দিকে ঝুঁকে থাকা।
কতটা উচ্চতা কমলে সতর্ক হবেন?
চিকিৎসক জি ভি রেড্ডি জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সামান্য উচ্চতা কমা স্বাভাবিক হতে পারে। তবে সময়ের সঙ্গে প্রায় ২ সেন্টিমিটার উচ্চতা কমলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। বিশেষ করে অস্টিওপোরোসিসের ঝুঁকি থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে, তরুণ বয়সের তুলনায় ৪ সেন্টিমিটার বা তার বেশি উচ্চতা কমে গেলে মেরুদণ্ডের হাড়ে ফ্র্যাকচার হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন।
এ ধরনের সমস্যা শনাক্ত করতে চিকিৎসক হাড়ের ঘনত্ব পরীক্ষার পরামর্শ দিতে পারেন। ডেক্সা (DEXA) স্ক্যানের মাধ্যমে হাড়ের খনিজ ঘনত্ব ও শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। মেরুদণ্ডে ফ্র্যাকচারের সন্দেহ থাকলে এক্স-রে বা অন্য কোনো ইমেজিং পরীক্ষার প্রয়োজন হতে পারে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখবেন যেভাবে
হাড়ের সুস্থতা বজায় রাখতে খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম রাখা জরুরি। দুধ, দই, পনির, রাগি এবং ক্যালসিয়ামসমৃদ্ধ শাকসবজি ক্যালসিয়ামের ভালো উৎস। পাশাপাশি, ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে।
নিয়মিত হাঁটা এবং শরীরের সামর্থ্য অনুযায়ী ভার বহন করতে হয় এমন ব্যায়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। শক্তিবর্ধক ব্যায়াম পেশি মজবুত রাখে। অন্যদিকে, ভারসাম্য রক্ষার ব্যায়াম পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে পারে।
তবে অস্টিওপোরোসিস বা মেরুদণ্ডে ফ্র্যাকচার থাকলে ভারী ব্যায়াম কিংবা বারবার সামনে ঝুঁকে করতে হয় এমন ব্যায়াম শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এ ছাড়া ধূমপান এড়িয়ে চলা এবং অ্যালকোহল গ্রহণ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। দীর্ঘদিন কর্টিকোস্টেরয়েডজাতীয় ওষুধ সেবন করলে কিংবা হাড়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন কোনো শারীরিক সমস্যা থাকলে অস্টিওপোরোসিসের ঝুঁকি যাচাই করতে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন