প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়ম এবং সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ক্রিকেট খেলুড়ে দেশ কানাডার ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ক্রিকেট কানাডা সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে "গুরুতর লঙ্ঘন" ঘটিয়েছে। এই পরিপ্রেক্ষিতে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে, এই স্থগিতাদেশের মধ্যেও কানাডার জাতীয় পুরুষ, নারী এবং বয়সভিত্তিক দলগুলোর জন্য কিছু স্বস্তির খবর রয়েছে। আইসিসি জানাচ্ছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। ফলে কানাডার জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট এবং ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।
যদিও বোর্ড পরিচালনায় ঠিক কোন কোন অনিয়মের কারণে শাস্তিটি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিসি। তবে সম্প্রতি কানাডার অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’-এর প্রতিবেদনে উঠে এসেছে, আইসিসির নীতিমালা লঙ্ঘন, প্রশাসনিক দুর্বলতা এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ।
এছাড়া সম্প্রতি মাঠের বাইরেও ক্রিকেট কানাডা বেশ কিছু বিতর্কের মধ্যে পড়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে আইসিসির দুর্নীতি দমন ও সততা ইউনিট তদন্ত চালিয়েছে।
অন্যদিকে, কানাডার সাবেক কোচ খুররম চৌহানকে নিয়ে ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ওই ফোনালাপে তিনি অভিযোগ করেছেন যে, ক্রিকেট কানাডার তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাকে চাপ প্রয়োগ করেছিলেন, জাতীয় দলে নির্দিষ্ট খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার জন্য। পাশাপাশি ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগও উত্থাপিত হয়েছে।
উল্লেখ্য, বোর্ড পরিচালনা সংক্রান্ত অনিয়মের অভিযোগে এর আগে ক্রিকেট কানাডার জন্য আইসিসির আর্থিক সহায়তা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত দেশটির ক্রিকেট প্রশাসনের সংকটকে আরও গভীর করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন