প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সার্বিয়ায় ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচনে জয়ী প্রতিনিধিরা নতুন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলগ্রেডের রাজধানীতে নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাদের শপথ গ্রহণের মাধ্যমে দেশটির নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটি আলেকসান্দার ভুসিচের নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) ১৪ বছরের শাসনের সমাপ্তি ঘটিয়েছে।
২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে ‘স্টুডেন্টস লিস্ট’ ২৫০ আসনের পার্লামেন্টে ১৪০টি আসন অর্জন করে। ফলে ছাত্র আন্দোলন-সমর্থিত এই জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়। অন্যদিকে, ভুসিচের নেতৃত্বাধীন জোট ১০৩টি আসন পায়। বাকি সাতটি আসন সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো দখল করে।
নতুন সংসদের প্রথম অধিবেশনে ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচিত ১৪০ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে তাদের আসন গ্রহণ করেন। এর আগে, পার্লামেন্ট ভবনের বাইরে কয়েক শ সমর্থক তাদের স্বাগত জানান। এ সময় তারা স্লোগান দেন, করতালি দেন এবং নবনির্বাচিত প্রতিনিধিদের শুভকামনা জানিয়ে ব্যানার প্রদর্শন করেন। তবে, ভুসিচের দল এসএনএসের প্রতিনিধিরা সেখানে পৌঁছালে তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়। এ সময় এসএনএসের এক নারী সদস্য পার্লামেন্ট ভবনে প্রবেশের সিঁড়ি দিয়ে ওঠার সময় এক নারী তার মাথায় দই ঢেলে দেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচনী জয় এসেছে, যা প্রায় দুই বছর ধরে চলমান ছিল। ২০২৪ সালে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ওই দুর্ঘটনার জন্য ব্যাপকভাবে দুর্নীতিকে দায়ী করা হয়েছিল।
দুর্ঘটনার পর শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ২০০০ সালে স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটিকে সার্বিয়ার অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ আন্দোলনের পর ছাত্র আন্দোলন-সমর্থিত প্রার্থীরা নির্বাচনে দুর্নীতিবিরোধী কর্মসূচি নিয়ে অংশ নেন এবং বড় জয় পান।
নবনির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বেশিরভাগই পেশাদার রাজনীতিক নন। তাদের মধ্যে শিক্ষাবিদ, শিল্পী ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। স্টুডেন্টস লিস্টের প্রার্থী মিরজানা নিকোলিচ এএফপিকে জানিয়েছেন, তারা আইন, সংসদীয় কার্যপ্রণালি এবং সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে প্রস্তুতি নিচ্ছেন।
সরকার গঠনে ৯০ দিনের সময়সীমা
সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নতুন সংখ্যাগরিষ্ঠ জোটের সামনে ৯০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী মনোনয়ন, সরকারের কর্মসূচি উপস্থাপন এবং মন্ত্রিসভা গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ছাত্র আন্দোলন-সমর্থিত জোট স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে নতুন নেতৃত্বকে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
রাশিয়ার সঙ্গে সার্বিয়ার ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে দেশটি দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার লক্ষ্য অনুসরণ করছে। এ ছাড়া কসোভোর সঙ্গে সম্পর্কের বিষয়টিও নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করলেও বেলগ্রেড এখনো তা স্বীকৃতি দেয়নি।
নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বেও পরিবর্তন আসবে। ভুসিচ সেপ্টেম্বরে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ নভেম্বরের মধ্যে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিতে হবে এবং ২৭ ডিসেম্বরের মধ্যে তা আয়োজন করতে হবে।
ছাত্র আন্দোলন এবং ভুসিচের এসএনএস—উভয় পক্ষই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দিতে পারে। তবে সংবিধানে দুই মেয়াদের সীমা থাকায় ভুসিচ আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। এরই মধ্যে তিনি নতুন পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে নিজের আসন গ্রহণ করেছেন।
সূত্র: এএফপি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও ডেইলি সাবাহ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন