প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা ছবির প্রদর্শন নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। টালিউডের পরিচালক ও প্রযোজকদের অভিযোগ ছিল যে, বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই বাংলা ছবির শো কমিয়ে দেওয়া অথবা সরিয়ে দেওয়া হয়। এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে রাজ্যে নতুন করে ৫১টি সিনেমা হল চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) নবান্নে টালিউডের প্রযোজক, পরিচালক, পরিবেশক এবং হল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘সাধক বামাখ্যাপা’ ছবির প্রসঙ্গও উঠে আসে। হিন্দি ছবির প্রভাবের কারণে বাংলা সিনেমার প্রদর্শন কমিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘সাধক বামাখ্যাপা’ ছবিটি কোনোভাবেই প্রেক্ষাগৃহ থেকে নামানো যাবে না। যেসব প্রেক্ষাগৃহের মালিক আগে ছবিটি প্রদর্শনের সুযোগ দেননি, তাদেরও ছবিটি চালানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচালক ও প্রযোজকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, বড় বাজেটের হিন্দি সিনেমা মুক্তি পেলেই বাংলা ছবির প্রদর্শন সংকুচিত হয়ে যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশনার ফলে সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী টালিউডের সংশ্লিষ্টরা।
এদিকে, প্রেক্ষাগৃহে শো-টাইম নিয়ে জটিলতা এড়াতে এবং হল মালিক, পরিবেশক ও প্রযোজকদের মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। কোনো প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার চেষ্টা হলে অথবা প্রদর্শন নিয়ে সমস্যা তৈরি হলে, এই কমিটি সরাসরি হস্তক্ষেপ করে সমাধানের উদ্যোগ নেবে।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এছাড়াও কমিটিতে থাকবেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও অরিজিৎ দত্ত। বর্তমানে শহরের বাইরে রয়েছেন মিঠুন। তিনি আগামী ২৬ নভেম্বর ফিরলে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। বাংলা সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসা বিষয়গুলো পর্যালোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধানের প্রস্তাব দেওয়াই হবে তাদের মূল দায়িত্ব।
অন্যদিকে, রাজ্যে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী জানান, একসময় পশ্চিমবঙ্গে ৮০০-র বেশি সিনেমা হল ছিল, কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০-তে। বিশেষ করে সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহগুলোর দুরবস্থা কাটাতে এবং সিনেমা হলের সংখ্যা বাড়াতে নতুন করে ৫১টি হল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা জরাজীর্ণ অবস্থায় থাকা পুরনো সিনেমা হলগুলো সংস্কার করে আবারও প্রদর্শনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
প্রাইম টাইমে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করার উদ্যোগ এবং নতুন হল নির্মাণ ও পুরনো হল সংস্কারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন টালিউডের প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা। তাদের প্রত্যাশা, প্রশাসনের এমন সরাসরি উদ্যোগে বাংলা সিনেমার প্রদর্শনের সুযোগ বৃদ্ধি পাবে এবং প্রেক্ষাগৃহকেন্দ্রিক ব্যবসার গতি ফিরে আসবে। দর্শকেরাও নিজেদের ভাষার সিনেমা দেখার আরও বেশি সুযোগ পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন