প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কদমতলী এলাকায় পূর্বশত্রুতা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে। নাম সামসুউদ্দিন খান (৫৫)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে কদমতলীর মাতুয়াইল মেডিক্যাল রোডের শামীমবাগ কালভার্টের ওপর এই ঘটনা ঘটে। সামসুউদ্দিন খান ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মাতুয়াইল মেডিক্যাল ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনীতি ছাড়াও তিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তার আহত হওয়ার ঘটনায় জানা যায়, দুপুরে বাসা থেকে বের হয়ে শামীমবাগ কালভার্ট এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় সন্ত্রাসী শামীম, ইমরান ও রাকিবসহ তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা ও স্বজনেরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। আহত সামসুউদ্দিনের স্ত্রী শামসুন্নাহার মুন্নি অভিযোগ করেন যে, ‘আমার স্বামী রাজনীতি ও হাউজিং ব্যবসার পাশাপাশি এলাকায় অন্যায়ের প্রতিবাদ করতেন। স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী শামীম দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এর আগে আমাদের রড-সিমেন্টের দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল তারা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত বিএনপি নেতাকে হাসপাতালে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন