প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) অর্থায়ন নিয়ে আইসিসির আসন্ন সভায় উদ্বেগ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি ক্রিকইনফোর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালেবান সরকারের নারী ও মেয়েদের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে ইংল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়নি। গত বছর ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন এই পরিস্থিতিকে লিঙ্গবৈষম্যভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে চিহ্নিত করেছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের বিশেষজ্ঞরাও আফগানিস্তানের পরিস্থিতি বর্ণনা করতে একই শব্দ ব্যবহার করেছেন।
আইসিসির একটি সাবকমিটি রয়েছে, যা ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনসংক্রান্ত নিয়মকানুন পর্যালোচনা করে। এই কমিটিতে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সদস্য হিসেবে রয়েছেন। তিনি মন্তব্য করেন, "সম্প্রতি অন্য সদস্য দেশগুলো যখন আফগান শরণার্থী নারী দলের ইংল্যান্ড সফরের জন্য অর্থায়ন করেছে, তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য অর্থ ব্যয় করা সঠিক নয়।"
গোল্ড ‘দ্য ক্রিকেটার’ সাময়িকীকে বলেন, "বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে। কারণ, আফগানিস্তান মূলত আইসিসির অর্থায়নের ওপর নির্ভরশীল। আমার ধারণা, আইসিসির কাছ থেকে তারা বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার পায়। যা তাদের মোট আয়ের ৮০ শতাংশেরও বেশি। আমরা জানি, তাদের কোনো ঘরোয়া টেলিভিশন বাজার নেই। টিকিট বিক্রি করেও আয় করার সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "আমার উদ্বেগ হলো, অন্য সব সদস্য দেশ যখন আফগান নারী ক্রিকেটে অর্থায়ন করছে, তখন তারা আইসিসির অর্থ দিয়ে আফগান প্রিমিয়ার লিগ আয়োজন করছে কি না। আমাদের কাছে বিষয়টি সঠিক মনে হচ্ছে না। আগামী কয়েক সপ্তাহে আমরা এ নিয়ে কাজ করব।"
ডিসেম্বরের টুর্নামেন্টকে সামনে রেখে গত ৩ নভেম্বর এপিএলের ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ড্রাফট থেকে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, শামিম হোসেন ও নাহিদ রানা দল পেয়েছেন। ইংল্যান্ডেরও ৮ জন ক্রিকেটার ড্রাফট থেকে দল পেয়েছেন। আফগানিস্তানের শরণার্থী নারী দলের অধিনায়ক নাহিদা সাপান তাদের অংশগ্রহণের প্রভাব বিবেচনার আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন