প্রিন্ট এর তারিখঃ ২৩শে অক্টোবর, ২০২৬ইং; ১০:৪৪ এম || প্রকাশের তারিখঃ ৮ই আগস্ট, ২০২৬ইং; ০৭:৪৩ পি.এম
প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ সবুজ হোক আগামী প্রজন্ম
পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ” কর্মসূচি।
জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় এবং নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে যুব ও লোকমোর্চা সদস্যদের উদ্যোগে চরকাউয়া ইউনিয়নের হিরন নগর আশ্রয়ণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় স্থানীয় যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় আশ্রয়ণ কেন্দ্রের প্রায় ৬০–৭০টি পরিবারের মাঝে প্লাস্টিকের বিনিময়ে সর্বনিম্ন একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়ির আঙিনায় বিতরণকৃত চারাগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকমোর্চার সেক্রেটারি সোহেল হাওলাদার, যুব সদস্যবৃন্দ, স্থানীয় যুব ও নারী সদস্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় এমন ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে নজরুল স্মৃতি সংসদ (NSS) ও ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
কর্মসূচির শেষে যুব, লোকমোর্চা সদস্য, স্থানীয় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি চারা রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বিতরণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে ভূমিকা রাখবেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
“প্লাস্টিক কমাই, বৃক্ষ বাড়াই—সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ি”—এমন প্রত্যয় নিয়েই শেষ হয় কর্মসূচি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"