প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যসীমার ওপরে অবস্থান করলেও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র দুই দিন কাজ করতে না পারলে তাদের মধ্যে অনেকেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, দেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন বেকার। শিক্ষিত যুবকদের মধ্যে এই হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও লক্ষ্য করা যায়।
দেবপ্রিয় ভট্টাচার্য আরো উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগণ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তারা অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।
দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এই দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন। সমাজের অগ্রসর অংশ যদি পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বলে, তাহলে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মূলত রাজনীতিবিদরাই দায়ী। অনেক সময় আমলাদের দায়ী করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ পাওয়ার পর সুবিধাবঞ্চিত মানুষের কথা না ভেবে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘রাজনীতি ঠিক করলে দেশও ঠিক হয়ে যাবে।’
স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের গুরুত্ব বাড়বে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব। নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে কালো টাকার ব্যবহার বন্ধ এবং অর্থবিত্ত ছাড়াই যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।
ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে এত বড় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ঘটনা প্রথম। এতে বিভিন্ন দলের ২৫ জন সংসদ সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি, সরকারি জমি আত্মসাৎ এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন বাজেটের অর্থ অপচয় হচ্ছে। একদিকে সরকারকে ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক হচ্ছেন। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয়।
বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার ও উৎপাদনমুখী মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা, ফজলুল হক, মাহমুদুল ইসলাম, সাবিকুন নাহার মুন্নী ও ড. মাহমুদা মিতুসহ অন্যান্য বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন