প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
আজ বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বি-টু-বি ওয়ার্কশপে এই মন্তব্য করেন।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আরও জানান, ইতালি ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য আমদানি করে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, চট্টগ্রামের ভৌগোলিক এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার করা দরকার।
চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন। মাতারবাড়িতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে।
কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব ও এম. মহিউদ্দিন চৌধুরীসহ ইতালি এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
কর্মশালার শেষপর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রযুক্তি, পণ্য এবং সেবার বিভিন্ন দিক উপস্থাপন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন