প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ফলে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডিভ্যান্ট এবং যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলট। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, একটি হেলিকপ্টারে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট ছিলেন, অন্যটিতে ছিলেন একমাত্র পাইলট স্টারডিভ্যান্ট। সংঘর্ষের পর উভয় হেলিকপ্টার একটি ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ফলে লাল ও সবুজ রঙের দুটি হেলিকপ্টারই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাছের হাইওয়ে ২৩৩-এর প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) এই তদন্তে যুক্ত হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান জেরি ট্রিম্বল হেলিকপ্টারস জানিয়েছে, তারা তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সূত্র: সিএনএন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন