প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয় এক কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব, কলেজ পাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমার ছেলেকে সজিব হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।"
তিনি আরও বলেন, "সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করে। ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কিভাবে মানব?"
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, "গত ১৭ তারিখ থেকে রেদোয়ান হোসেন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন