প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে যে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার শুনানির সময় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি ২০১৭ সালের অভিযানের পূর্ববর্তী ঘটনাবলী এবং রোহিঙ্গাদের ওপর দীর্ঘকালীন নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেন।
বিচারপতি ইউজি আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বলেন, অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছে। তবে আদালত স্বীকার করেছে যে, ওই অভিযানের পূর্বে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল এবং বিভিন্ন গ্রামে আগুন দিয়েছে।
আদালত আরো পর্যবেক্ষণ করেছে যে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও তারা দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছে। বিচারপতি ইউজি বলেন, বৈষম্যমূলক আইন এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে তাদের অধিকার ধীরে ধীরে সংকুচিত হয়েছে। ফলে তারা সমাজে প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে গেছে। পাশাপাশি, সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা বৃদ্ধি করেছে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন