প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কালীপুজো ও দীপাবলিতে আতশবাজি পোড়ানোর বিষয়ে বায়ুদূষণ এবং শব্দদূষণের কারণে চলমান সমালোচনার মাঝে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত উৎসবের ঐতিহ্যবাহী রীতির পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি উল্লেখ করেছেন, অতীতে আতশবাজি পরিবেশের বিশুদ্ধতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এসব প্রথার পেছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক যুক্তি বিদ্যমান।
গত বুধবার (১১ নভেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত ‘দীপাবলি মিলন উৎসব’-এ বক্তব্য প্রদানকালে ভাগবত বলেন, অতীতে আতশবাজি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলো বর্তমানে ব্যবহার করা হয় না। তিনি জানান, ওই উপাদানগুলো কীটনাশকের মতো কার্যকরী ছিল এবং ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংসে সহায়তা করত।
ভাগবতের মতে, বিশেষ করে ফসল কাটার মৌসুমে আতশবাজির ধোঁয়া ক্ষতিকর পোকামাকড় নির্মূল করতে কার্যকর ছিল। ফলে তখনকার পরিবেশ বিশুদ্ধ হয়ে উঠত। তিনি আরও বলেন, বর্তমানে আতশবাজি তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলো অতীতে ব্যবহৃত হতো না।
আরএসএস প্রধান কালীপুজোয় প্রদীপ জ্বালানোর প্রথার পেছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে দাবি করেছেন। তার মতে, ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালালে বিশেষ ধরনের বায়ুর স্তর তৈরি হয়।
ভাগবত বলেন, ঐতিহ্যবাহী প্রথাগুলোর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে উৎসব পালন করা উচিত। এতে মানুষ এবং পরিবেশ উভয়ই উপকৃত হবে। তিনি উল্লেখ করেন, উৎসব এবং উদ্যাপন সমাজের অবিচ্ছেদ্য অংশ। নানা বিরোধিতা সত্ত্বেও এসব আয়োজন বন্ধ হবে না। বরং সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করাই গুরুত্বপূর্ণ।
ভারতে কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি পোড়ানোর ওপর বিধিনিষেধ রয়েছে। আদালত পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের নির্দেশনা দিয়েছে। তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আতশবাজি পোড়ানো হয়েছে। এর ফলে দিল্লিসহ বেশ কয়েকটি শহরে বায়ুর মানের অবনতি ঘটেছে।
এর আগে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী দাবি করেছিলেন, আতশবাজি পোড়ালে অসুখ সেরে যায়। তার এই মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার দীপাবলিতে আতশবাজি পোড়ানোর পক্ষে প্রাচীন রীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন