প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সতর্ক করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক অভিযান শুরু করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ধরনের যুদ্ধ এড়িয়ে চলার আহ্বান জানান এবং নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন।
আজারবাইজানের রাজধানী বাকু সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব মন্তব্য করেন। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন এবং ইরানকে কেন্দ্র করে নতুন সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন।
এখন যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তখন এরদোয়ানের এই বক্তব্য এসেছে। তবে মার্কিন পক্ষ থেকে এসব আলোচনা থেকে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হচ্ছে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে, কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
তুরস্কের আশঙ্কা, যদি যুক্তরাষ্ট্র আবারো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে এর প্রভাব শুধুমাত্র ইরান কিংবা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে।
এরদোয়ান বিশেষভাবে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটের বিষয়টিও তুলে ধরেছেন। তার মতে, এই সংকটের প্রভাব কেবল ইরান ও আশপাশের দেশগুলোর ওপরই নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশও এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে যেসব দেশ মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে এবং অভ্যন্তরীণ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে, তাদের জন্য হরমুজ প্রণালির অস্থিতিশীলতা নতুন সংকট তৈরি করতে পারে।
এরদোয়ানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ইরানকে কেন্দ্র করে নতুন কোনো যুদ্ধ শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এর অর্থনৈতিক ও রাজনৈতিক অভিঘাত বিশ্বজুড়েই ছড়িয়ে পড়তে পারে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক।
সূত্র: আল জাজিরা
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন