প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম। পাঠদান ছেড়ে বিগত তিন বছর ধরে উপজেলা শিক্ষা অফিসে দাপ্তরিক ও অডিটের দায়িত্ব পালন করে আসছেন—এমন অভিযোগের সত্যতা মিলেছে। বৈধ কোনো লিখিত আদেশ বা প্রেষণ ছাড়াই কেবল সাবেক শিক্ষা অফিসারের ‘মৌখিক নির্দেশে’ বছরের পর বছর ধরে তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা অফিসে গিয়ে শিক্ষক নূরুল ইসলামকে হাতেনাতে পান এবং এ বিষয়ে তাঁর মুখোমুখি হন।
জিজ্ঞাসাবাদের জবাবে শিক্ষক নূরুল ইসলাম দাবি করেন, তাঁর আগের উপজেলা শিক্ষা অফিসার (যিনি ইতিপূর্বে এখান থেকে বদলি হয়ে গেছেন) তাঁকে মৌখিকভাবে এই দায়িত্ব দিয়েছিলেন। সেই মৌখিক আদেশের ভিত্তিতেই তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা অফিসের কম্পিউটার কাম সহকারীসহ অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বর্তমান উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল এর কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি মাত্র সাত মাস হলো এই কর্মস্থলে যোগদান করেছেন। দীর্ঘদিন ধরে শিক্ষক নূরুল ইসলামকে অফিসে কাজ করতে দেখায় তিনি বিষয়টি নিয়ে অতীতে কোনো প্রশ্ন তোলেননি।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সখিনা আক্তারের নজরে আনা হলে তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিসারকে অবগত করা হবে। ওই শিক্ষকের যদি কোনো বৈধ কাগজপত্র বা দাপ্তরিক প্রেষণের আদেশ না থাকে, তবে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মূল দায়িত্ব হলো বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করা। কিন্তু কোনো ধরনের লিখিত সংযুক্তি বা প্রেষণ আদেশ ছাড়াই বছরের পর বছর শিক্ষা অফিসে বসিয়ে রেখে শিক্ষককে দিয়ে দাপ্তরিক বা অডিটের কাজ করানোর বিষয়টি যেমন প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী, তেমনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
এ ঘটনায় এলাকার শিক্ষক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন