প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাঙালি পরিবারে যখন কারও রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয়, তখন সাধারণত একটি টোটকা সকলের মুখে শোনা যায়— 'কুলেখাড়া পাতার রস খাও, রক্ত বেড়ে যাবে।' দাদা-দাদি, নানা-নানির সময় থেকেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য কুলেখাড়ার ওপর নির্ভরশীল হয়ে আসছে বাঙালি। কখনো বাজার থেকে কুলেখাড়া শাক এনে বেটে রস করে খাওয়া হয়, আবার কখনো সেই শাক ভেজে খাওয়া হয়— এটি রক্তস্বল্পতা দূর করার একটি সহজ ঘরোয়া উপায়; কিন্তু এই ঘরোয়া টোটকা কি সবার জন্য নিরাপদ? বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের জন্য কি এটি নিরাপদ? এ বিষয়ে সতর্ক করেছেন নেফ্রোলজিস্ট বিবেক গোয়েল।
প্রথমে জানা প্রয়োজন কুলেখাড়া পাতায় আসলে কী উপাদান রয়েছে? এ বিষয়ে ডা. গোয়েল বলেন, ‘১০০ গ্রাম কুলেখাড়া পাতায় প্রায় ১২ মিলিগ্রাম আয়রন থাকে। অর্থাৎ আয়রনের দিক থেকে পাতাটি সত্যিই সমৃদ্ধ। আর আয়রনই হিমোগ্লোবিন তৈরির মূল উপাদান। তাই লোকের মুখে মুখে এ ধারণা তৈরি হয়েছে যে, কুলেখাড়া খেলেই রক্ত বাড়বে। তবে এ ঘরোয়া সমাধান সবার জন্য উপকারী নয়, বিশেষ করে কিডনির রোগীদের জন্য এটি একেবারেই নিরাপদ নয়।’
চিকিৎসকের মতে, যারা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডিতে ভুগছেন, তারা যদি রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কুলেখাড়ার রস খেতে শুরু করেন, তাহলে তাদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। তিনি বলেন, কুলেখাড়া পাতায় শুধু আয়রনই নয়, বরং অনেক পরিমাণে পটাশিয়াম, ফসফরাস এবং অক্সালেটও রয়েছে। একজন সুস্থ মানুষের জন্য এটি হয়তো বড় সমস্যা নয়।
কিন্তু যাদের অ্যাডভান্সড কিডনি রোগ রয়েছে, যাদের রক্তে পটাশিয়াম ইতিমধ্যেই বেশি থাকে বা যাদের কিডনিতে বারবার পাথর হয়, তাদের জন্য এই তিনটি উপাদান বিপদ ডেকে আনতে পারে। পটাশিয়াম বেড়ে গেলে হার্টের সমস্যা হতে পারে। ফসফরাস বেড়ে গেলে হাড়ের ক্ষতি হয়। আর অক্সালেট থেকে পাথর হওয়ার ঝুঁকি আরও বৃদ্ধি পায়। তাই সিকেডির রোগীদের জন্য কুলেখাড়া পাতার রস খাওয়া একেবারেই নিরাপদ নয়।
চিকিৎসকরা বলেন, কুলেখাড়া কখনোই প্রেসক্রাইব করা আয়রন ট্যাবলেট বা ইপিও থেরাপির বিকল্প হতে পারে না। হিমোগ্লোবিন কম থাকলে প্রথমে এর কারণ জানা জরুরি। আয়রনের অভাব থেকে কমেছে কি কিডনির সমস্যা থেকে, না কি অন্য কোনো কারণে— সেটি চিকিৎসকই নির্ধারণ করতে পারবেন।
লোকের কথায়, ইউটিউব-ফেসবুকের রিল দেখে নিজে নিজে টোটকা শুরু করলে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে যদি কেউ সিকেডি রোগী হন, ডায়ালাইসিসে থাকেন বা পটাশিয়াম-ফসফরাস নিয়ে সমস্যায় ভোগেন, তাহলে কুলেখাড়া খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন