প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা পেশায় আসতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন এবং সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় প্রবেশের আগে যথাযথ প্রশিক্ষণ থাকা আবশ্যক। এই চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে প্রায়ই অভিযোগ শোনা যায় যে, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন। বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাংবাদিকতা পেশায় আসতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কীভাবে আরো ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরো শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পিআইবি প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার দূরদর্শী চিন্তার পরিচয় পাওয়া যায়। দেশের উন্নয়নে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবেলায় নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনেও অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটির শীর্ষ অবস্থানের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
ফারুক ওয়াসিফ বলেন, মিথ্যাচারের মাধ্যমে সাময়িক বিভ্রান্তি তৈরি করা সম্ভব হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পাদনা, তথ্যের সত্যতা যাচাই ও যুক্তিনির্ভরতার ওপর গুরুত্ব দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন