প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শ্বশুরবাড়িতে ডাকাতি করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবদুল আজিজ জিশানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে যে, নগদ টাকা, মোবাইল এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জিশানের শ্বশুর আবুল বাসার লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জিশান হল লক্ষ্মীপুর পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের কালু হাজী রোডের মৃত জালাল আহমেদের পুত্র, স্থানীয় ছাত্রলীগ নেতা এবং আবুল বাসারের ছোট মেয়ের জামাই।
সূত্রে জানা যায়, ছয় মাস আগে আবদুল আজিজ জিশানকে প্রেমের মাধ্যমে বিয়ে করেন আবুল বাসারের ছোট মেয়ে ফাহিমা আক্তার প্রিয়া। বিয়ের পর থেকে জিশান বিভিন্নভাবে প্রিয়াকে শারীরিক নির্যাতন করে আসছে। এ নিয়ে পরিবারের মধ্যে কয়েকবার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
ফাহিমা আক্তার প্রিয়া বলেন, "জিশানকে আমি প্রেম করে বিয়ে করি। বিয়ের পর থেকে সে নানাভাবে আমাকে নির্যাতন করে। সে নেশার সঙ্গেও জড়িয়ে পড়েছে। এছাড়া আমার নামে ভবানীগঞ্জ কলেজের পাশে একটি জমি রয়েছে, সেটি বিক্রি করে তাকে টাকা দিতেও চাপ প্রয়োগ করে। কিছুদিন আগে আমাকে কৌশলে লক্ষ্মীপুর সোনার বাংলা গেস্ট হাউসে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। পরে আমার পরিবার আমাকে উদ্ধার করে আনে। এখন আবার বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।"
আবুল বাসার অভিযোগ করে বলেন, "জিশান আমার মেয়েকে সব সময় নির্যাতন করত। এ নিয়ে কয়েকবার পারিবারিক বৈঠকও হয়েছে। কিন্তু তার নির্যাতন থামেনি। গত ২৬ নভেম্বর সে আমাদের ঘরে ঢুকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এছাড়া আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে জানতে চাইলে আবদুল আজিজ জিশান তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় রয়েছেন।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক মহসিন কবির বলেন, "একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটির তদন্ত চলছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন