প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পাশাপাশি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘চ্যালেঞ্জ অব রোহিঙ্গা রিপ্যাট্রিশেন: ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড ন্যাশনাল প্রায়োরিটিস’ এই শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আজ (সোমবার) সেমিনারটি আয়োজন করা হয়।
সেমিনারের সমাপনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম বক্তব্যে বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট একটি বিষয় নয়, এটি মানবিক নিরাপত্তার উদ্বেগ, কূটনৈতিক পর্যায়ে জাতীয় নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি। বর্তমান সরকার বাংলাদেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ যেন উন্নতির জন্য যা কিছু সম্ভব তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, বাংলাদেশ গত নয় বছরে অসাধারণ উদারতা প্রদর্শন করেছে। তবে, এই উদারতাকে কোনো একটি সমস্যার প্রতি অনির্দিষ্টকালের দায়বদ্ধতার সাথে গুলিয়ে ফেলা যায় না। বাংলাদেশ এই সমস্যা তৈরি করেনি এবং এই সমস্যার সমাধান একা করতে পারবেনা।
ড. শামছুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের স্থায়ী দায়িত্ব হিসেবে গ্রহণ করা বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। শুধু অপেক্ষা ও পরিস্থিতির উন্নতির আশা করা মানে হচ্ছে, পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ করা। আমাদের জন্য একটিই পথ খোলা আছে, তা হলো- প্রত্যাবাসনের জন্য সক্রিয় ও ধারাবাহিক চাপ। এটি একটি সুসংহত কূটনৈতিক ও বিশ্বাসযোগ্য এবং টেকসই নিরাপত্তা কৌশল দ্বারা সমর্থিত হবে। তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, ড. ওবায়দুল ইসলাম বলেন, রোহিঙ্গা সংকট বর্তমান সময়ের একটি অন্যতম মানবিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। এটি আমাদের জাতির ওপর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ব্যাপক চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হচ্ছে প্রত্যাবাসন। তাদের স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং রোহিঙ্গা জনগণের অভিন্ন লক্ষ্য। এই সমস্যা সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। স্বাগত বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন