প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধ করাতকল পরিচালনা এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে চার ব্যক্তিকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজসংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন (৩৬) ও শামসুল আলম (৫২) নামের দুই ব্যক্তিকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় করাতকলে সংরক্ষিত গোল কাঠ এবং চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ভোমরিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, জালালাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন (৫২) এবং সালামত উল্লাহ (৫০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উভয় অভিযানে সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), পুলিশ সদস্য, আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ঈদগাঁও উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন