প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার সার্বিক উন্নয়ন নিয়ে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সন্ধ্যা ৭টায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়, যেখানে জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ২২ দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সভায় বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিষখালী ও পায়রা নদীতে সেতু নির্মাণ, বরগুনায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, আইসিইউ-সিসিইউ চালু, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং বিভিন্ন দপ্তরে শূন্যপদে জনবল নিয়োগের দাবি উত্থাপন করা হয়।
এছাড়া, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যু দমন, অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ করা, গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, কোস্টগার্ডকে আধুনিক নৌযান প্রদান, পর্যটন শিল্পের উন্নয়ন, শিল্পকারখানা স্থাপন, কৃষি ও মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন, আবহাওয়া অফিস প্রতিষ্ঠা এবং বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের দাবি তুলে ধরা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, পুলিশ সুপার কুদরত ই খুদা, সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আঃ হান্নান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।
কর্মকর্তারা প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বরগুনার উন্নয়নে প্রস্তাবিত দাবিগুলো বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন